নির্বাচনের আগে আরব দলকে ফাঁসানোর চেষ্টা, নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানের’ অভিযোগ

ছবি: রয়টার্স
সাম্প্রতিক নির্বাচনের আগে আরব-ইসরায়েলি একটি দলের সদস্যদের ফাঁসাতে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ আখ্যা দিয়ে সোমবার নেতানিয়াহুর সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দলের নেতারা।
আগের পার্লামেন্টে বিরোধী দলের নেতৃত্ব দেওয়া এবং ‘বিয়াহাদ’ জোটের সহসভাপতি ইয়াইর লাপিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘নতুন নতুন তথ্য সামনে আসার সঙ্গে সঙ্গে বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে। এটি নির্বাচন বানচালের চেষ্টা ছিল না, বরং অভ্যুত্থানের চেষ্টা ছিল।’
ইসরায়েলের চ্যানেল ১২ রবিবার জানায়, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন আরব-ইসরায়েলি দল রা’আমের কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন।
খবরে বলা হয়, নর্ডেন পুলিশকে এমন একজনের তথ্য দেন, যিনি নেতানিয়াহুর দপ্তরে আগে কাজ করতেন এবং কথিত গোয়েন্দা সূত্র হিসেবে পরিচিত ছিলেন। ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে রা’আমের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পরে অভিযোগের কোনো ভিত্তি নেই বলে নিশ্চিত হওয়ার পর ওই তিনজনকে ছেড়ে দেয় পুলিশ।
নির্বাচনে আরব দলগুলো রেকর্ডসংখ্যক আসন পাওয়ার পর তাদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলেন নেতানিয়াহু। তবে তার দল লিকুদ সর্বশেষ অভিযোগগুলো অস্বীকার করে বিবৃতি দিয়েছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ আরও জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি আরবদের আরেকটি জোট ‘জয়েন্ট লিস্ট’-এর নেতাদের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। তবে পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার আবেদন নাকচ করে দেন অ্যাটর্নি জেনারেল।
‘অপরাধমূলক কর্মকাণ্ড’
খবর প্রকাশের পর ‘জয়েন্ট লিস্ট’-এর নেতা ইউসেফ জাবারিনও নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অভ্যুত্থানের চেষ্টা’র অভিযোগ তুলেছেন।
এক্সে তিনি লিখেছেন, ‘তদন্তে এসব অভিযোগের সত্যতা মিললে তা হবে সরকারের ভেতর থেকে পরিচালিত একটি অপরাধমূলক কর্মকাণ্ড। এর উদ্দেশ্য ছিল নির্বাচনের ফল পাল্টে দেওয়া। এ ঘটনায় যারাই দায়ী হবেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে। নেতানিয়াহুকেও এর বাইরে রাখা যাবে না।’
রা’আমের দ্বিতীয় শীর্ষ নেতা ও পুলিশের সাবেক প্রধান ইয়োভ সেগালোভিৎজও দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।
এক্সে তিনি লিখেছেন, ‘এসব অভিযোগের বিষয়ে অবিলম্বে, স্বাধীন ও পূর্ণাঙ্গ ফৌজদারি তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনার সঙ্গে যে পর্যায়েই, যে পদেই বা যে ভূমিকাতেই কেউ জড়িত থাকুন না কেন, সবাইকে তদন্তের আওতায় আনতে হবে।’
তিনি আরও বললেন, ‘নেতানিয়াহু অভিযোগ করেছিলেন, তার নির্বাচনের ফল চুরি করা হচ্ছে। অথচ তিনিই দেশটিকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন এবং এখনো তা করে যাচ্ছেন।’
নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, দ্রুত পদত্যাগ দাবি আইজেনকটের
১৬ নভেম্বর ২০২৬
নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট রবিবার বলেছেন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ‘আর এক মিনিটও সরকারপ্রধানের পদে থাকতে পারেন না’। তিনি এ ঘটনার তদন্ত দাবি করেন।
আইজেনকোটের ভাষ্য, এ ঘটনা প্রমাণ করে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি’।
গত মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর নেতানিয়াহুর জোট কিংবা আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট, কোনোটিই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি।
আরবদের দুটি জোট ‘জয়েন্ট লিস্ট’ ও রা’আম জানিয়েছে, তারা আইজেনকোটকে সমর্থন দেবে।
সূত্র: এএফপি





