নেতানিয়াহুর বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ, দ্রুত পদত্যাগ দাবি আইজেনকটের

জেরুজালেমে ইসরায়েলের পার্লামেন্টের ২৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটসহ দেশটির কর্মকর্তারা। ফাইল ছবি / রয়টার্স
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তরের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন দেশটির বিরোধী নেতা গাদি আইজেনকট। একই সঙ্গে নেতানিয়াহুকে এক মিনিটও আর সরকারপ্রধানের দায়িত্বে না থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ অভিযোগ প্রকাশিত হয়। এর কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহুর বিরুদ্ধে কড়া বক্তব্য দেন আইজেনকট। এর আগে দুই নেতার প্রতিনিধিরা জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা করেছেন।
আইজেনকট লিখেছেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ সহযোগীদের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি।’
চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের নির্বাচনের আগের দিন নেতানিয়াহুর চিফ অব স্টাফ ইদো নর্ডেন পুলিশের কমিশনারের দপ্তরে ইউনাইটেড আরব লিস্ট (রাম) দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি পুলিশের কাছে এমন একজন গোয়েন্দা সূত্রের তথ্য তুলে ধরেন, যিনি আগে নেতানিয়াহুর দপ্তরে কাজ করতেন।
ওই তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ সদস্য কোনো পরোয়ানা ছাড়াই রাম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটের পক্ষে প্রভাব বিস্তারের জন্য ঘুষ দেওয়ার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়। তবে পরে পুলিশের তদন্তে অভিযোগের ভিত্তি পাওয়া যায়নি। এরপর ওই তিনজনকে ছেড়ে দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি পাঁচ সংসদ সদস্যের ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে এ অনুরোধ করেন। তবে তা নাকচ করা হয়েছিল।
এর আগে শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতায় টিকে থাকতে নির্বাচনের সময় নেতানিয়াহু ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচার চালিয়েছেন। নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন পাওয়ার পর নেতানিয়াহু ভোট জালিয়াতির অভিযোগ তুলেছিলেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ দেননি।
শনিবার নেতানিয়াহু আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। আইজেনকট সেই প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ বলে প্রত্যাখ্যান করেন। তবে তার ইয়াশার দল ও লিকুদ পার্টির মধ্যে এ বিষয়ে আলোচনা চলছে বলে তিনি নিশ্চিত করেছেন।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। এখন পর্যন্ত নেতানিয়াহু কিংবা আইজেনকোট—কোনো পক্ষই সেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি।
সূত্র : আলজাজিরা




