উপসাগরীয় দেশে হামলা জোরদার করেছে ইরান, কারণ কী

২১ নভেম্বর বাহরাইনের সিত্রায় হামলার পর বেসামরিক স্থাপনায় আগুন জ্বলছে। ছবি: রয়টার্স
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গত সপ্তাহে দাবি করে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করার ঘটনাসহ গত কয়েক দিনে হামলা জোরদার করেছে ইরান।
গত সাত দিনে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৫টি তেলবাহী ট্যাংকারে হামলা হয়েছে। এতে উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশ্বের মোট তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের মধ্যে রয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন, তার দেশ একধরনের ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখে পড়েছে।
তাহলে ইরানের সাম্প্রতিক হামলা জোরদারের পেছনে কী কারণ রয়েছে? এতে কি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হবে, নাকি যুদ্ধের অবসানে দুই পক্ষ আলোচনায় বসতে বাধ্য হবে?
সর্বশেষ হামলাগুলো কোথায় হয়েছে?
সাম্প্রতিক দিনগুলোতে ইরানের হামলার সবচেয়ে বেশি শিকার হয়েছে বাহরাইন। শনিবার দেশটি জানায়, ইরানের হামলায় একটি বেসামরিক শিল্পকারখানায় আগুন ধরে যায়। ওই দিন আরও কয়েকটি হামলা প্রতিহত করার কথাও জানায় বাহরাইন।
আইআরজিসি দাবি করেছে, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে অভিযান চালানো হয়েছে। সংস্থাটির দাবি, ঘাঁটি দুটিতে যুক্তরাষ্ট্রের দুটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার ধ্বংস করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ছোড়া আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বাহরাইনের রাজধানী মানামার কাছে সিত্রা দ্বীপে বিধ্বস্ত হয়। এতে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়।
ইরানের হেঙ্গাম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি। একে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও যুদ্ধ ড্রোনের অনুপ্রবেশসহ ধারাবাহিক লঙ্ঘনের বিরুদ্ধে পাল্টা হামলা করা হয়েছে বলে উল্লেখ করেছে তেহরান।
কয়েক সপ্তাহের বিরতির পর সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইনে তিনটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
শনিবার ইরানের সেনাবাহিনী জানায়, শুক্রবার সন্ধ্যায় উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে। তবে তেহরানের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
রবিবার ইরানি বাহিনী হরমুজ প্রণালির পূর্ব দিকে আরও একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার কথা জানায়। আইআরজিসির দাবি, যুদ্ধ শুরুর পর এ ধরনের এটি যুক্তরাষ্ট্রের ২০তম ড্রোন ভূপাতিত করার ঘটনা। আর গত ২৪ ঘণ্টায় ভূপাতিত হয়েছে চতুর্থটি।
এদিকে ওমানের কাছাকাছি হরমুজ প্রণালিতে অজ্ঞাত বস্তু দিয়ে তেলবাহী দুটি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সামুদ্রিক কর্তৃপক্ষ।
তেহরানে আলজাজিরার সংবাদদাতা রেসুল সারদার বলেছেন, গত সপ্তাহে ট্যাংকারে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ১৪ নভেম্বরের পর থেকে এ ধরনের প্রায় ২৫টি ঘটনা ঘটেছে।
গত সপ্তাহে ইরানের সেনাবাহিনী কুয়েতে যুক্তরাষ্ট্রের আলী আল-সালেম ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালানোর কথাও জানায়। হরমুজ প্রণালির কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ওই অভিযান চালানো হয়। দ্বীপটি এখনো কার্যত ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিতে হামলার প্রভাব কী?
সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিনই হামলা করছে ইরান। এতে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে ২৬৩টি জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহের তুলনায় এ সংখ্যা ১৫ শতাংশ এবং তার আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ কম।
শুক্রবার ইউকেএমটিও জানায়, এসব জাহাজের মধ্যে তেলবাহী ট্যাংকার ছিল ৩৭টি। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৫২। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর আগে গুরুত্বপূর্ণ এই প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ১৩৫টি জাহাজ চলাচল করত।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক সংস্থা সতর্ক করে বলেছে, ইরানের অবরোধ উপসাগরীয় অঞ্চলে পরিবহন ব্যয় বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের আগে জাহাজের বিমা খরচ যেখানে ০.১০ থেকে ০.২৫ শতাংশ ছিল, এখন তা বেড়ে ৩.৫ থেকে ৭.৫ শতাংশ হয়েছে।
তেলের দামও বেড়ে একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়। পরে দাম কমে ৮৩ ডলারে দাঁড়ালেও তা যুদ্ধের আগের দামের চেয়ে ১৫ ডলারের বেশি।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বৃহস্পতিবার জানিয়েছে, সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে তেল সরবরাহে মোট ২৮০ কোটি ব্যারেল এবং গ্যাস সরবরাহে ৬ হাজার কোটি ঘনমিটার ঘাটতি তৈরি হয়েছে।
ইরান কেন হামলা জোরদার করছে?
ইরান হামলা বাড়ানোর পাশাপাশি দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বলছেন, ক্ষেপণাস্ত্রের কাছে আত্মসমর্পণ করা কিংবা কূটনীতির পথ বেছে নেওয়ার মধ্যে একটি সিদ্ধান্ত নিতে হবে ওয়াশিংটনকে।
ধারণা করা হচ্ছে, এসব হামলার মাধ্যমে ইরান সংঘাতে নিজেদের প্রভাব কাজে লাগাচ্ছে। এর মধ্য দিয়ে তারা বার্তা দিতে চাইছে, যুদ্ধের অবসান না হলে এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর হামলা অব্যাহত থাকবে।
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের জননীতি-বিষয়ক ফেলো রামি খুরি বলেছেন, এসব হামলার লক্ষ্য হলো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা কমিয়ে দেওয়া। একই সঙ্গে ‘যুদ্ধের প্রভাব পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়া এবং পরোক্ষভাবে পরিবহন ব্যয় বাড়িয়ে ও প্রয়োজনীয় পণ্যের সরবরাহে চাপ সৃষ্টি করে বৈশ্বিক অর্থনীতিকেও এর মধ্যে টেনে আনা’।
খুরির মতে, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের ভুক্তভোগী যেন ইরান একা না হয়’ সেটি নিশ্চিত এই কৌশলের সবচেয়ে বড় চালিকাশক্তি।
তেহরান আশা করছে নিজেদের স্থাপনা কিংবা আরব মিত্রদের স্থাপনা রক্ষায় যুক্তরাষ্ট্রের অক্ষমতা তুলে ধরতে পারলে ওয়াশিংটনের নীতিতে পরিবর্তন আসবে। এতে আরব সরকারগুলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দিতে পারে বলে মনে করেন খুরি।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা অর্থনৈতিক অবরোধকে তিনি যুদ্ধের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন।
ইরানি সাংবাদিকদের গারিবাবাদি বলেন, ‘আমরা অর্থনৈতিক অবরোধকে শত্রুতামূলক পদক্ষেপ বলে মনে করি। এই অবরোধ ভাঙতে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব।’
সাম্প্রতিক দিনগুলোতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে হামলাকে মার্কিন অভিযানের বিরুদ্ধে ইরানের পাল্টা ও দৃঢ় প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশটির অর্থনীতি ও সাধারণ ইরানিরা যে ভুগছেন, তারও কিছু লক্ষণ দেখা যাচ্ছে।
আবারও কি সামরিক সংঘাত শুরু হতে পারে?
যুক্তরাষ্ট্রের কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পারসি বলেছেন, ইরানের সঙ্গে কোনো চুক্তি না করেই যুদ্ধজয়ের ঘোষণা দিয়ে সরে আসতে পারেন ট্রাম্প। তবে ইরানের ওপর নৌ অবরোধ অব্যাহত রাখলে আরও সামরিক উত্তেজনার ঝুঁকি তৈরি হবে।
পারসির ভাষ্য, ওয়াশিংটনে যুদ্ধকে ব্যর্থতা হিসেবে দেখা হতে পারে, এমন কোনো চুক্তি ট্রাম্প মেনে নেবেন, সেই সম্ভাবনা কম।
পারসি সতর্ক করে বলেন, ‘তিনি যদি অবরোধ অব্যাহত রাখেন, তাহলে উত্তেজনা বাড়বে।’ তার যুক্তি, অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে ইরান পাল্টা পদক্ষেপ নেবে।
সংঘাত নতুন করে না বাড়িয়ে সেখান থেকে সরে আসতে চাইলে ট্রাম্পকে ‘ধীরে ধীরে অবরোধ তুলে নিতে হবে এবং কিছু নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে’। এমনভাবে এটি করতে হবে যেন তা সহজে চোখে না পড়ে।
সূত্র: আলজাজিরা।



