ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

ইরানি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে দাবি করে ১২ জুলাই সেন্টকমের প্রকাশিত ভিডিও থেকে নেওয়া ছবি। রয়টার্স।
ইরানের বিভিন্ন স্থানে মুহুর্মুহু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির খুজেস্তান প্রদেশের আটটি শহরে হামলা হয়েছে; বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাসেও। জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। খবর আলজাজিরা।
ইরানের সংবাদ সংস্থা ইরনার জানিয়েছে, খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরে একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে সেখানকার এক নিরাপত্তাকর্মী নিহত ও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি।
আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-কে এই কর্মকর্তা জানান, খুজেস্তান জুড়ে অন্তত আটটি স্থানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় রাত ১টা ৩৫ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে ধাপে ধাপে হামলাগুলো চালানো হয়। হামলায় ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আহভাজ বিমানবন্দরে হামলা হয়নি বলে দাবি করেন তিনি।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে।
হামলা শেষে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানের একাধিক স্থানে ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহার করে কয়েক ডজন হামলা চালানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এসব হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেছে সেন্টকম।
এই অভিযানে যুদ্ধবিমান, নৌযান, একমুখী আক্রমণকারী আকাশ ড্রোন এবং প্রথমবারের মতো আত্মঘাতী সামুদ্রিক ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
এদিকে মার্কিন হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের নূর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই অঞ্চলে থাকা শত্রুঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসি জানিয়েছে, জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে হামলা ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। হামলায় আগুন ধরে গেছে বেশ কয়েকটি জ্বালানি ডিপো ও গোলাবারুদ সংরক্ষণাগারে।
বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন হামলার জবাবে এটি ছিল তাদের প্রথম ধাপ।
প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটির বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি পি-৮ বিমান রাখার হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কেন্দ্রে এই হামলা চালানো হয়েছে।
বাহারাইনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে সাইরেন বাজছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেইসঙ্গে জনগণকে সড়কে বেরিয়ে যান চলাচলে বাঁধা সৃষ্টি না করতে আহ্বান জানায় মন্ত্রণালয়।
হামলা হয়েছে কুয়েতেও। এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটির জ্বালানি ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আহমেদ আল-জাবের বিমানঘাঁটির একটি কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা ‘সম্পূর্ণরূপে ধ্বংস’ করা হয়েছে।
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দেশের আকাশসীমার অভ্যন্তরে ‘শত্রুপক্ষের লক্ষ্যবস্তু’ মোকাবেলা করছে।
ইরানের সামরিক এক কর্মকর্তার বরাতে নূর নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবেই পাল্টা এসব হামলা চালানো হয়েছে।




