৩ হাজার টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে দেখলেন প্রায় ৭৬০ কোটি

মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুন। ছবি: এনডিটিভি
মাত্র ৩ হাজার টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৭৬০ কোটি টাকা দেখে হতবাক হয়ে যান ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক গৃহবধূ। ঘটনাটি জানার পর তিনি ও তার পরিবার বিষয়টি থানা এবং সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তদন্ত শুরু করেছে পুলিশও।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদের লালগোলা থানার বিলবোরাকোপরা অঞ্চলের কালিকাপুর গ্রামের বাসিন্দা শরিফা খাতুনের অ্যাকাউন্টে গত শনিবার তার দেবর চেন্নাই থেকে ৩ হাজার টাকা পাঠান। সেই টাকা তুলতে গিয়ে তিনি অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করে দেখেন, সেখানে ৭,৫৯,৬৯,৫১,৯৫১ টাকা ১৬ পয়সা প্রদর্শিত হচ্ছে।
নিজের সাধারণ ব্যাংক অ্যাকাউন্টে এমন বিপুল অঙ্কের অর্থ দেখে শরিফা খাতুন ও তার পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। কোনো ঝুঁকি না নিয়ে তারা সঙ্গে সঙ্গে লালগোলা থানায় লিখিত অভিযোগ করেন এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন।
ব্যাংকের পক্ষ থেকে শরিফা খাতুনকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সোমবার শাখায় উপস্থিত হতে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিকভাবে ব্যাংকিং সংশ্লিষ্টদের ধারণা, এটি বড় ধরনের কারিগরি ত্রুটি বা সফটওয়্যারজনিত সমস্যার ফল হতে পারে। অনেক সময় সিস্টেমের ত্রুটির কারণে লেনদেনসংক্রান্ত তথ্য বা অন্য কোনো কোড ভুলভাবে অ্যাকাউন্টের ব্যালেন্স হিসেবে প্রদর্শিত হয়। ব্যাংক বিষয়টি যাচাই করার পরই প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে পশ্চিমবঙ্গের কোচবিহার ও দুর্গাপুরেও একই ধরনের ঘটনা সামনে আসে। কোচবিহারে এক ছাত্রীর অ্যাকাউন্টে প্রায় একই পরিমাণ অর্থ দেখানোর ঘটনা ঘটে। অন্যদিকে দুর্গাপুরের জটেশ্বর এলাকার এক গৃহবধূর অ্যাকাউন্টে প্রায় ৭৪০ কোটি টাকা প্রদর্শিত হয়েছিল।




