ফের বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

হরমুজ প্রণালি— রয়টার্স
ইরান রবিবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। তিন দিনের মধ্যে দেশটিতে এটি ইরানের দ্বিতীয় হামলার চেষ্টা।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ছয়টি ড্রোন ব্যবহার করে বাহরাইনের আল-রিফা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
বাহরাইনের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ড্রোন হামলা লক্ষ্য অর্জনের আগেই প্রতিহত ও ধ্বংস করেছে।
এর আগে শুক্রবার বাহরাইনে ড্রোন হামলা চালায় ইরান। সেপ্টেম্বরের পর উপসাগরীয় দেশগুলোর ওপর এটিই ছিল দেশটির প্রথম হামলা।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি অবস্থানে রয়েছে। বিশ্বের গ্যাস ও তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। তবে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে জাহাজ চলাচল সীমিত হয়ে পড়েছে।
ইরানের দাবি, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকা উচিত। দেশটি ‘অনুমোদনহীন’ জাহাজ চলাচল বলে অভিহিত করে সেগুলোয় হামলা চালাচ্ছে। অন্যদিকে, উপসাগরীয় আরব দেশগুলো থেকে তেল রপ্তানি অব্যাহত রাখতে প্রণালিটি দিয়ে চলাচলকারী ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
বাহরাইন জুড়ে রবিবার সাইরেন বেজে ওঠার পর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানায়।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘বাহরাইনের ভূখণ্ডে ইরানের অব্যাহত নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছে রাজ্যটি। এসব হামলার পরিণতির জন্য ইরানকেই সম্পূর্ণ দায়ী করছে বাহরাইন।’
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম হামলা নিয়ে আইআরজিসির একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের শত্রুপক্ষের যেকোনো আগ্রাসনের জবাব আরও কঠোর ও শক্তিশালীভাবে দেওয়া হবে।’
এ সপ্তাহের শুরুতে আইআরজিসি দাবি করেছিল, শুক্রবার বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডারব্যবস্থায় হামলা চালিয়েছে তারা।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করেছে। তারা জানিয়েছে, আইআরজিসি বাহরাইনের দিকে একমুখী হামলার জন্য দুটি ড্রোন পাঠিয়েছিল। যুক্তরাষ্ট্রের বাহিনী দুটিকেই ভূপাতিত করেছে। এতে কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতিও হয়নি বলে জানিয়েছে তারা।
সিবিএসকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
কর্মকর্তারা হামলাগুলোকে সীমিত ও প্রতিরক্ষামূলক বলে বর্ণনা করেছেন। তাদের ভাষ্য, আইআরজিসি যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে গুলি চালানোর জবাবে এসব হামলা চালানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সোমবার কেশম দ্বীপে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইআরজিসি কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, তাদের বাহিনী দ্বীপটির দক্ষিণে যুক্তরাষ্ট্রের দুটি এমকিউএম-১৭০ ড্রোন এবং হরমুজ প্রণালির পূর্বে একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।
যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা হয়েছিল। তবে কয়েক সপ্তাহের মধ্যেই তা ভেঙে পড়ে। জাহাজ চলাচলে ইরানের হামলা আবার শুরু হওয়া এবং ইরানের বন্দরগুলোয় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুনর্বহালের পর সমঝোতাটি আর টেকেনি।
যুক্তরাষ্ট্র সাতটি শর্ত পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার একটি প্রস্তাব নিয়ে ইরানের আলোচকরা মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছিলেন। এসব শর্তের মধ্যে নৌ অবরোধ তুলে নেওয়া এবং জব্দ করা ইরানি সম্পদ ছাড় করার বিষয়ও রয়েছে বলে জানা গেছে।
তবে এ সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি করতে যুক্তরাষ্ট্রের আর আগ্রহ নেই। আলোচনার উদ্যোগ পুনরায় শুরুর প্রচেষ্টায় যুক্ত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সূত্র: বিবিসি




