নেতানিয়াহুকে গ্রেপ্তারে ইন্টারপোলের কাছে ‘রেড নোটিস’ তুরস্কের

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি/ রয়টার্স
ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে যাওয়া ফ্লোটিলা জাহাজের কর্মীদের ওপর হামলার অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারে ইন্টারপোলের কাছে ‘রেড নোটিস’ জারি করেছে তুরস্ক। এটা তুরস্কের একটি অভ্যন্তরীণ ফৌজদারি মামলার অংশ।
ন্যাটো সদস্যদের মধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের অন্যতম কঠোর সমালোচক তুরস্ক। এর আগে, ফিলিস্তিনে হামলার কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে দেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল তুরস্ক।
ইসরায়েল মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার দাবি করে আসছে আঙ্কারা। তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে।
চলতি বছরের মে মাসে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তত দুটি জাহাজে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। জাহাজগুলো গাজায় মানবিক সাহায্য পৌঁছানোর চেষ্টা করছিল। এর আগেও আন্তর্জাতিক সমুদ্র পথে এ ধরনের মিশন আটকে দিয়েছিল ইসরায়েল।
সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টের এক পোস্টে তুর্কি বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, নেতানিয়াহু ও আরও একজন সন্দেহভাজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতন। মামলাটি আন্তর্জাতিক সমুদ্র পথে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপের বিষয়ে ৩৫ জনের বিরুদ্ধে করা হয়েছে।
গুরলেক বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আমাদের বিচার মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে যেন তাদের জন্য ইন্টারপোলের রেড নোটিস জারি করা হয়।’
তিনি জোর দিয়ে বলেছেন, গাজায় ইসরায়েলের অপরাধের জবাবদিহি নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেবে তুরস্ক।
রেড নোটিসের মাধ্যমে বিশ্বের পুলিশ বাহিনীকে অনুরোধ করা হয় যেন কোনো ব্যক্তিকে খুঁজে বের করে হস্তান্তর না করা পর্যন্ত সাময়িকভাবে গ্রেপ্তার করে রাখা।
ইন্টারপোল সদস্য দেশগুলোর অনুরোধ পর্যালোচনা করে রেড নোটিস জারি করার সিদ্ধান্ত নেয়।
ইসরায়েল এ পদক্ষেপকে ‘দুঃখজনক’ বলে জানিয়েছে।
নেতানিয়াহুর কার্যালয় গুরলেকের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছে, এরদোয়ানের এই দুঃখজনক চেষ্টা ইসরায়েলের নেতা ও সৈন্যদের ভয় দেখানোর একটি পদক্ষেপ।
সূত্র : রয়টার্স







