মানবাধিকার সংস্থা
পশ্চিম তীরে চিকিৎসাকর্মীদের ওপর ইসরায়েলি হামলা বেড়েছে ৩৫০ শতাংশ

ছবি: রয়টার্স
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর ইসরায়েলি সেনা ও দখলদার বসতিদের হামলার ঘটনা ক্রমেই বাড়ছে। ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংগঠন ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই) এ তথ্য জানিয়েছে।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ৩৫০ শতাংশ বেড়েছে। জরুরি চিকিৎসাসেবা দিতে যাওয়া কর্মীরা ক্রমেই ইসরায়েলি সেনা ও দখলদার বসতিদের হামলা, হুমকি ও ভয়ভীতির শিকার হচ্ছেন।
প্রতিবেদন তৈরির অংশ হিসেবে ২৫ জন চিকিৎসাকর্মীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের একজন নাবলুস এলাকার প্যারামেডিক জানিয়েছেন, এক আহত ব্যক্তির কাছে যেতে তাকে বাধা দিয়েছিলেন ইসরায়েলি সেনারা।
তিনি বলেছেন, ‘আমি আহত ব্যক্তির খুব কাছেই দাঁড়িয়ে ছিলাম। সহজেই তার কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু সেনারা আমাকে বাধা দেয়। ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে ছিলেন। একপর্যায়ে মারা যান তিনি। তারপরই সেনারা সরে যায় এবং আমরা তার কাছে যেতে পারি।’
সাক্ষাৎকারদাতারা শারীরিক হামলা, অস্ত্রের মুখে হুমকি, মৌখিক নির্যাতন এবং অপমানজনক তল্লাশির কথা জানিয়েছেন। তাদের সবাই বলেছেন, তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন। যেকোনো সময় তাদের থামিয়ে দেওয়া, হামলা করা কিংবা রোগীর কাছে পৌঁছাতে বাধা দেওয়া হতে পারে বলে আশঙ্কা করেন।
একজন অ্যাম্বুলেন্সচালক বলেছেন, ‘প্রতিটি ফোনকলের সঙ্গে ঝুঁকি জড়িয়ে আছে। আর প্রতিবার বাড়ি থেকে বের হলে ফিরে আসতে পারব কি না, সেই আশঙ্কা থাকে।’
পিএইচআরআইয়ের প্রতিবেদনে এমন ঘটনাও তুলে ধরা হয়েছে, যেখানে চিকিৎসাকর্মীদের নিজেদের ওপর হুমকি ও সহিংসতা চলার মধ্যেই রোগীদের চিকিৎসা দিতে বাধ্য করা হয়েছে।
প্রতিবেদনটির লেখক ইমরান আনাতি বলেছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে পরিস্থিতির ‘বিপজ্জনক অবনতি’ হয়েছে।
তার ভাষ্য, ‘এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং ফিলিস্তিনিদের জরুরি চিকিৎসাসেবার ওপর এটি একটি ধারাবাহিক হামলা, যার দায় ইসরায়েলের।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, গত বছর অধিকৃত পশ্চিম তীরে স্বাস্থ্যসেবার ওপর ২৩৩টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
ইসরায়েলি চেকপোস্টের কারণে অ্যাম্বুলেন্সগুলোকে প্রায়ই হাসপাতাল পৌঁছাতে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পথে কিছু রোগীর মৃত্যু হয়। আবার গর্ভবতী নারীদের হাসপাতালের বাইরে সন্তান জন্ম দিতে বাধ্য হওয়ার ঘটনাও ঘটছে।
সূত্র: আলজাজিরা।



