মার্কিন ভিসা পেল না ইরানি প্রেসিডেন্টের সঙ্গীরা, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: রয়টার্স
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের জাতিসংঘ সফর ঘিরে আবারও বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা। পেজেশকিয়ানের কমিউনিকেশন টিমের কয়েকজন সদস্যকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। এর মধ্যেই উত্তেজনা কমাতে তেহরানে ছুটছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে পাকিস্তান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র সরকারের নজিরবিহীন বৈরী পদক্ষেপের অংশ হিসেবে (মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড) ট্রাম্প প্রেসিডেন্টের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রের ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।’ ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে মেহর বার্তা সংস্থাও এ খবর প্রকাশ করেছে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, এ পরিস্থিতিতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সোমবার ইরানের রাজধানী তেহরান সফর করছেন।
দিনের শুরুতে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আরেকটি হামলার সম্ভাবনা নিয়ে নতুন করে সতর্ক করার পর নাকভির এই সফর হলো।
দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে পাকিস্তান। মে মাস থেকে নাকভি বেশ কয়েকবার তেহরান সফর করেছেন। সর্বশেষ আগস্টে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং উত্তেজনা নিয়ন্ত্রণ ও কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা এগিয়ে নেওয়া নিয়ে আলোচনা করেন।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে নাকভি অন্তত চারবার ইরান সফর করেছেন।
জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি প্রাথমিক চুক্তি সই হয়েছিল। পরে বেশ কয়েকটি বিষয়ে মতবিরোধের কারণে চুক্তিটি ভেঙে যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হরমুজ প্রণালি এবং এটি কীভাবে পরিচালিত হবে, সেই বিষয়।
এরপর যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের কয়েকটি স্থাপনা ও তেলবাহী জাহাজে আবারও হামলা শুরু করে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে এবং নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সূত্র: এএফপি, আল-আরাবিয়া



