কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত, আহত ২

সংগৃহীত ছবি
কুয়েতের আকাশসীমায় ইরানি ড্রোনের অনুপ্রবেশ ও হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করেছে কুয়েতের সশস্ত্র বাহিনী। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ ও ছিটকে পড়া স্প্লিন্টারের আঘাতে চারজন হতাহত হন। তাদের মধ্যে দুই ইতালীয় নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আহত অপর দুজনের মধ্যে একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক। তারা হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত দুই ইতালীয় নাগরিক জার্মান প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা রাইনমেটাল ইতালিয়ার বেসামরিক কারিগরি কর্মী ছিলেন।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র স্টাফ কর্নেল সৌদ আল-আতওয়ান এক আনুষ্ঠানিক বিবৃতিতে হতাহত ও হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিহত দুই নাগরিকের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত দুই ইতালীয় নাগরিক কুয়েতের সশস্ত্র বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার শনাক্তকরণ অ্যানটেনার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। হামলার সময় তারা সংশ্লিষ্ট স্থাপনাটিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির আকাশসীমায় একাধিক শত্রু ড্রোন শনাক্ত করার পর সশস্ত্র বাহিনী সেগুলো প্রতিহত করে। তবে ড্রোনের ধ্বংসাবশেষ একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় পড়ে ক্ষয়ক্ষতি হয় এবং চারজন হতাহত হন।
এ ঘটনায় সংশ্লিষ্ট স্থাপনায় অবকাঠামোগত ও বৈষয়িক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে স্থাপনাটির সুনির্দিষ্ট অবস্থান ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানায়নি কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বিবৃতিতে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়।
এ ছাড়া সংশ্লিষ্ট নিরাপত্তা ও রাষ্ট্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রাখার কথাও জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।




