ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
হরমুজে একক নৌপথ তৈরির জন্য ওমানের সঙ্গে আলোচনা চলছে

ছবি: রয়টার্স
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে প্রকাশ্যে জানিয়েছে ইরান।
সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী পথ তৈরির বিষয়ে ওমানের সঙ্গে আলোচনা চলছে। স্থায়ী কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ও ওমানের জলসীমার পৃথক পথগুলোকে একত্র করে এই অস্থায়ী পথ তৈরি করা হবে।
যদিও অস্থায়ী তবু প্রণালিতে একটি একক নৌপথ চালু করা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থা তৈরির প্রথম পদক্ষেপ হতে পারে।
তবে ইরানি কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে এ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না।
কূটনৈতিক তৎপরতা বাড়লেও ইরান জানিয়েছে, তাদের সামরিক প্রতিরোধব্যবস্থা বহাল রয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, যেকোনো হুমকির জবাব দিতে তারা প্রস্তুত।
একই সময়ে কাতার ও পাকিস্তানসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা নেপথ্যে সক্রিয় রয়েছে। এতে বোঝা যাচ্ছে, সামরিক উত্তেজনা অব্যাহত থাকলেও কূটনৈতিক যোগাযোগের পথ এখনো খোলা রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।
সূত্র : আলজাজিরা






