বাউফল
সড়কে পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল কৃষকের

গ্রাফিকস: আগামীর সময়
পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফ রাড়ি এলাকার ইসহাক রাড়ির ছেলে।
স্থানীয়দের ভাষ্য, গতকাল রবিবার সকালে একটি ভ্যাকু মেশিন রাস্তা দিয়ে নেওয়ার সময় পল্লী বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে সড়কের ওপর পড়ে। বিষয়টি জানানো হলে পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন।
তবে স্থানীয়দের অভিযোগ, ছেঁড়া তার মেরামতের জন্য কয়েকজন গ্রাহকের কাছে টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় ঝুঁকিপূর্ণ অবস্থায় তারটি সড়কের ওপর পড়ে থাকলেও তা মেরামত না করেই কর্মীরা চলে যান। এরপর সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে যাওয়ার সময় সড়কের ওপর পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা পল্লী বিদ্যুতের মমিনপুর জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবুল কাশেম বলেছেন, একজন বিদ্যুতের তারে জড়িয়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনাটি কালিশুরী অফিসের আওতাধীন। বিষয়টি তদন্তের জন্য অফিস প্রধানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি তদন্ত শেষে প্রতিবেদন দিলে বিস্তারিত জানা যাবে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেছেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






