নেতানিয়াহুর সঙ্গে সমঝোতা ভেস্তে যাওয়ায় সংখ্যালঘু সরকার গঠনের পথে আইজেনকোট

গাদি আইজেনকট— রয়টার্স
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা থমকে যাওয়ায় ইসরায়েলে সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নেওয়ার পরিকল্পনা করছেন গাদি আইজেনকোট। তিনি তার মিত্রদের এমনটাই জানিয়েছেন বলে রবিবার এক প্রতিবেদনে উল্লেখ করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান।
তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে রবিবার সকালে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন।
বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে আইজেনকোটের ইয়াশার পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি জানায়, ‘ব্যবহারিক ও গঠনমূলক পরিবেশে’ বৈঠকটি হয়েছে। দুপক্ষের লক্ষ্য ছিল ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ কমিয়ে আনা। তবে সরকার গঠনের বিষয়ে কোনো সমঝোতা হয়নি বলে বিবৃতিতে জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কান জানায়, আইজেনকোট তার চেঞ্জ ব্লকের মিত্রদের বলেছেন, তিনি সংখ্যালঘু সরকার গঠনের উদ্যোগ এগিয়ে নেবেন। লিকুদের সঙ্গে পরবর্তী বৈঠকের কোনো তারিখও নির্ধারণ করা হয়নি।
ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, বৈঠকে দুপক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দেয়। এ কারণে আলোচনাকারী দলগুলোর বৈঠক বন্ধ রাখার বিষয়ে তারা একমত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে কান আরও জানায়, আইজেনকোট তার মিত্রদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। নেতানিয়াহুকে তিনি বলেছেন, সরকার গঠনের পর লিকুদ ও তাদের মিত্ররা সরকারের নীতিমালা মেনে নিলে তাতে যোগ দিতে পারবে।
১২০ আসনের নেসেটে চেঞ্জ ব্লকের আসনসংখ্যা ৪৮। এই জোটে রয়েছে আইজেনকোটের ইয়াশার পার্টির ২১টি, নাফতালি বেনেটের টুগেদার পার্টির ১২টি, ইয়ার গোলানের দ্য ডেমোক্র্যাটসের আটটি এবং আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনুর সাতটি আসন।
আরব দলগুলোর ১৯ আসনের সমর্থন পেলে সংখ্যালঘু সরকার ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পেতে পারে। তবে এসব দল সরকারে যোগ না দিয়েও বাইরে থেকে সমর্থন দিতে পারবে।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রগুলো কানকে জানিয়েছে, আইজেনকোট ঐক্যের সরকার গঠনে আগ্রহী নন। তাদের দাবি, লিকুদ এখনো মনে করে ইসরায়েলের নিরাপত্তার জন্য এ ধরনের সরকার গঠন জরুরি।
রবিবারের বৈঠকের একদিন আগে নেতানিয়াহু বলেছিলেন, ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় তিনি আইজেনকোটকে প্রথমে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে রাজি আছেন। সেক্ষেত্রে নেতানিয়াহু বিকল্প প্রধানমন্ত্রীর পদ নেবেন।
সরকার গঠনের জন্য আইজেনকোটকে দেওয়া প্রাথমিক সময়সীমা ৬ ডিসেম্বর শেষ হবে। তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে সময়সীমা সর্বোচ্চ ১৪ দিন বাড়ানোর আবেদন করতে পারবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি





