ক্ষমতা ভাগাভাগি নিয়ে দুই ঘণ্টার বৈঠক নেতানিয়াহু-আইজেনকটের

সংগৃহীত/ফাইল ছবি
জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রবিবার দুই ঘণ্টার বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়ার পর নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের এই বৈঠক হলো।
একই সময়ে ইয়াশার ও নাফতালি বেনেটের বিয়াহাদ পার্টির মধ্যে আলোচনা চলছিল বলে জানিয়েছে ইয়াশার। দলটি জানায়, নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক চলাকালেই দুই দলের আলোচক দলের মধ্যে আলোচনা হয়।
তেল আবিবের কিরিয়া সামরিক সদর দপ্তরে নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ের মধ্য দিয়ে নেতানিয়াহু ও আইজেনকোটের বৈঠক শুরু হয়। রবিবার সকালে ইয়াশার জানায়, বৈঠকটি মূল পরিকল্পনা অনুযায়ী হার্জলিয়ায় না হয়ে কিরিয়া সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
বৈঠকের শুরুতে নেতানিয়াহুর সামরিক সচিব উপস্থিত ছিলেন। তবে কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে যান। এরপর আলোচনায় যোগ দেন সাবেক কৌশলগতবিষয়ক মন্ত্রী রন ডারমার। তিনি দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করছেন বলে জানা গেছে।
প্রথমবারের মতো শনিবার নেতানিয়াহু জানান, ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় তিনি দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হতে রাজি আছেন। এর পরিপ্রেক্ষিতে আইজেনকোট নেতানিয়াহুকে সমঝোতায় পৌঁছানোর জন্য ২৪ ঘণ্টা সময় দেন এবং আলোচনা শুরুর আমন্ত্রণ জানান।
আইজেনকোট বললেন, ‘লিকুদ যদি সত্যিই জাতীয় ঐক্যের ব্যাপারে আন্তরিক হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টায় তাদের সেই আন্তরিকতা যাচাই করতে আমি প্রস্তুত।’
২৭ অক্টোবরের নির্বাচনের পর নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের কাছে পিছিয়ে পড়ে। এরপর থেকে নেতানিয়াহু বারবার জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়ে আসছেন।
সরকার গঠনে আইজেনকোটের হাতে শেষ সপ্তাহ
৮ নভেম্বর প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পান আইজেনকোট। সরকার গঠনের জন্য এটাই তার শেষ সপ্তাহ। তবে চাইলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
আইজেনকোট সরকার গঠনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন এবং শিগগিরই সফলতার ঘোষণা দিতে পারেন— এমন খবরের পরই ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেন নেতানিয়াহু।
এরই মধ্যে গত সপ্তাহে নিজের জোটের দুটি দলের সঙ্গে চুক্তি সই করেছেন ইয়াশার নেতা। দল দুটি হলো আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়ার গোলানের দ্য ডেমোক্র্যাটস। দুই দলের নেতাই নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন।
লিবারম্যান শুক্রবার বলেন, একটি ‘পরিবর্তনের সরকার’ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে তিনি সতর্ক করে দেন, এই সরকার গঠনের উদ্যোগ বানচাল করতে যেকোনো মূল্যে নেতানিয়াহু ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে পারেন।
লিবারম্যান বললেন, ‘আমি এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না যে তিনি (নেতানিয়াহু) গাদি আইজেনকোটকে ক্ষমতা ভাগাভাগির চুক্তির প্রস্তাব দেবেন, যেখানে নেতানিয়াহু দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন। তবে সবাইকে বুঝতে হবে, এটি শুধু একটি কৌশল।’
আইজেনকোটের জোটে শুধু বেনেটই জাতীয় ঐক্যের পক্ষে
আইজেনকোটের নেতৃত্বাধীন জোটে শুধু বিয়াহাদ পার্টির নেতা নাফতালি বেনেটই জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়েছেন। তার মতে, ক্ষমতা ভাগাভাগির চুক্তির আওতায় নেতানিয়াহুর দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়া উচিত।
বিয়াহাদ নেতা বেনেট শনিবার সন্ধ্যায় বললেন, ‘জাতীয় ঐক্যের সরকার গঠনে নেতানিয়াহু যে সিদ্ধান্ত নিয়েছেন, তা সঠিক। এই সরকার শুরুতে আইজেনকোটের নেতৃত্বে পরিচালিত হবে এবং যারা সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেন, তাদের নিয়ে একটি জোট গঠিত হবে।’ তবে সরকারে যোগ দিতে হলে নেতানিয়াহুকে যেসব নীতিতে সম্মত হতে হবে, সেগুলোও তুলে ধরেন তিনি।
চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে শনিবার বলা হয়, ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে নেতানিয়াহুর ওপর চাপ দিয়েছিলেন বেনেট। তিনি প্রধানমন্ত্রীকে বলেছিলেন, এমন প্রস্তাব না দিলে জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা বন্ধ করে ইয়াশারের সঙ্গে জোট চুক্তি সই করবেন তিনি।
সূত্র: জেরুজালেম পোস্ট





