কাঠবিড়ালি ও কবুতর শিকার
সাইপ্রাসে মৌসুমের শুরুতেই হতাশ শিকারিরা

সংগৃহীত ছবি
সাইপ্রাসের পাফোসে রোববার ভোরে গ্রীষ্মকালীন উড পিজন বা কাঠকবুতর শিকারের মৌসুম শুরু হলেও প্রথম দিনেই হতাশ হয়েছেন শিকারিরা। ব্যাপকসংখ্যক শিকারি মাঠে নামলেও কাঙ্ক্ষিত পরিমাণ শিকারের দেখা মেলেনি বলে জানিয়েছেন তারা।
এ বিষয় শিকারি আন্দ্রেয়াস ক্রোটালিয়াস বলেন, পরিস্থিতি প্রতি বছরই 'ক্রমশ কঠিন হয়ে উঠছে'। সীমিত শিকারযোগ্য এলাকায় বিপুলসংখ্যক শিকারিকে প্রতিযোগিতা করতে হচ্ছে। নিষিদ্ধ শিকার এলাকা এবং সারা বছর পাখি অবস্থান করে এমন অঞ্চলগুলোও শিকারযোগ্য জমির পরিমাণ আরও কমিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
ক্রোটালিয়াস এ বছরকার গ্রীষ্মকালীন শিকার মৌসুমের পরিবেশগত ও আবহাওয়াগত পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। তার মতে, শিকার এলাকা নির্ধারণ ও অনুমতি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত সামগ্রিক পরিবেশগত পরিস্থিতি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং শিকারিদের জন্য পর্যাপ্ত এলাকা নিশ্চিত করা।
আরেক শিকারি আন্দ্রেয়াস পাপাগাপিউ বলেন, তিনি মাত্র একটি উড পিজন শিকার করতে পেরেছেন। তবে তিনিও স্বীকার করেন, প্রথম দিনে শিকার ছিল খুবই কম। তার মতে, শিকারের আনন্দ শুধু কতগুলো পাখি শিকার করা হয়েছে তার ওপর নির্ভর করে না; পুরো অভিজ্ঞতাটিও শিকারের অন্যতম আকর্ষণ।
পাপাগাপিউ আরও বলেন, বিপুলসংখ্যক নিষিদ্ধ শিকার এলাকা উড পিজনের জন্য শিকারযোগ্য জায়গা কমিয়ে দিয়েছে। তার প্রস্তাব, যেসব এলাকায় খরগোশ ও পার্ট্রিজ শিকারের অনুমতি রয়েছে, সেসব এলাকাতেও উড পিজন শিকারের সুযোগ দেওয়া যেতে পারে।
তিনি বলেন, 'পাখি শিকারের জন্য নিরিবিলি পরিবেশ দরকার, মানুষের ভিড় নয়।'
লানারকা থেকে পাফোসে শিকার করতে আসা এভ্রোস মাইকেলিদেসও প্রথম দিনের শিকারকে খুবই কম বলে বর্ণনা করেন। তিনি গেম অ্যান্ড ফনা সার্ভিসের প্রতি আরও কিছু এলাকা শিকারিদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা নতুন এলাকা চাই।”
এদিকে, সাইপ্রাস হান্টিং অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন ফেডারেশন জানিয়েছে, গ্রীষ্মকালীন মৌসুমের প্রথম দুই দফা শিকারে—২৩ আগস্ট ও ৩০ আগস্ট—টার্টল ডাভ ও কোয়েল শিকার করা যাবে না।
শিকারিদের আরও মনে করিয়ে দেওয়া হয়েছে, Artemis Cy মোবাইল অ্যাপের মাধ্যমে শিকারের হিসাব নথিভুক্ত করা বাধ্যতামূলক। সব ধরনের শিকার ও সব শিকার মৌসুমেই এ নিয়ম কার্যকর। বিশেষ করে টার্টল ডাভ, কোয়েল ও উড পিজনের ক্ষেত্রে প্রতিটি শিকার করা পাখি আলাদাভাবে এবং তাৎক্ষণিকভাবে অ্যাপে নথিভুক্ত করতে হবে।






