আসামে মুসলিমদের দুর্দশা তুলে ধরায় মানবাধিকারকর্মী আটক

মানবাধিকারকর্মী মুজতবা আসিফ। ফাইল ছবি / সংগৃহীত
ভারতের আসামে উচ্ছেদ অভিযানে ঘরবাড়ি হারানো বাঙালি মুসলিম পরিবারগুলোর দুর্দশা তুলে ধরতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন মানবাধিকারকর্মী মুজতবা আসিফ। শনিবার গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার পথে লখিমপুর জেলায় তাকে আটক করা হয়। পরে বগিনাদি থানায় নেওয়া হয়। তবে কেন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আজ রবিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
মুজতবা আসিফ স্বেচ্ছাসেবী সংস্থা মাইলস২স্মাইলের প্রতিষ্ঠাতা। সাম্প্রদায়িক সহিংসতা, গণপিটুনি ও উচ্ছেদে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তা এবং পুনর্বাসনে কাজ করে সংস্থাটি। গত আট দিন ধরে আসামে অবস্থান করে উচ্ছেদে ঘরবাড়ি হারানো মুসলিম পরিবারগুলোর সঙ্গে দেখা করছিলেন তিনি। তাদের অভিজ্ঞতা নথিবদ্ধ করছিলেন।
থানার ভেতর থেকে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে মুজতবা জানিয়েছেন, এর আগেও বিভিন্ন জায়গায় পুলিশ তাকে আটকে জিজ্ঞাসাবাদ করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রায় দুই ঘণ্টা থানায় বসিয়ে রাখা হলেও কোন আইনে তাকে আটক করা হয়েছে কিংবা গ্রেপ্তার করা হচ্ছে কি না, তা জানানো হয়নি। এ সময় থানায় পুলিশ সুপারিনটেনডেন্ট উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে কথা বলেছেন বলেও জানান তিনি।
আসামে বিজেপি সরকারের উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্কের মধ্যে এ ঘটনা ঘটল। গত ১৩ নভেম্বর লখিমপুরের বগিনাদি এলাকায় প্রায় ৩২০ হেক্টর চারণভূমি থেকে ১৩৫টি পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই বাঙালি মুসলিম। এর আগে ১৯ নভেম্বর নদীর তীরবর্তী এলাকা থেকে আরও ২৫ থেকে ৩০টি মুসলিম পরিবারের অস্থায়ী আশ্রয় সরিয়ে দেওয়া হয়।
মুজতবা অভিযোগ করেছেন, উচ্ছেদে মুসলিম পরিবারগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ২৭ নভেম্বর তিনি জানিয়েছিলেন, ঘর হারানো পরিবারগুলোকে ভাঙা বাড়িতে ফিরে নিজেদের জিনিসপত্র উদ্ধার করতেও বাধা দেওয়া হচ্ছে। অথচ অন্যদের সেখান থেকে নির্মাণসামগ্রী নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে।
মুজতবার আটকের প্রতিবাদ জানিয়েছে ককরোচ জনতা পার্টির আসাম শাখা। অবিলম্বে তার মুক্তি দাবি করে সংগঠনটি বলেছে, বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের দুর্দশা নথিবদ্ধ করা অপরাধ নয়।




