‘নাস্তিক’ কমিউনিস্ট ও ‘জামাত’ তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে তাড়ানোর হুমকি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী— রয়টার্স
ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে বামপন্থীদের ‘নাস্তিক’ কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেসকে ‘জামাত’ তৃণমূল বলে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দুই রাজনৈতিক শক্তিকেই মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
হাওড়ায় ছটপূজার এক অনুষ্ঠানে বুধবার বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বললেন, ‘৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার কাজ মুখ্যমন্ত্রী করবে।’ তার এ মন্তব্যের পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পাল্টা জবাব দিয়েছেন বাম নেতা শতরূপ ঘোষ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বলেন, পশ্চিমবঙ্গের মানুষ এমন একটি সরকার চেয়েছিল, যে সরকার হাজার বছরের পরম্পরা, বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনবে। এ প্রসঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকে ‘নাস্তিক কমিউনিস্টদের শাসন’ বলে কটাক্ষ করেন তিনি। তার অভিযোগ, কমিউনিস্টরা বই বিক্রি করতে ওস্তাদ হলেও ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রতি তাদের অনীহা রয়েছে।
বক্তব্যে বিধায়ক কৌস্তভ বাগচির একটি অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, কৌস্তভ তাকে জানিয়েছিলেন, পূজার সময় কমিউনিস্টদের বই বিক্রির স্টলে গিয়ে দুর্গা মায়ের জয়ধ্বনি দিয়েছেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে শুভেন্দু আরও বলেন, শুভ কাজে বের হওয়ার সময় বাঙালিরা কপালে তিলক পরেন। কিন্তু কমিউনিস্টরা এসব আচার এড়িয়ে চলেন। বামপন্থীদের সাংস্কৃতিক উৎসবের নামে সনাতনী সংস্কৃতিকে উপেক্ষা করার অভিযোগও করেন তিনি।
এরপরই বামপন্থীদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে শুভেন্দু বলেছেন, ‘৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট, ১৫ বছরের জামাত তৃণমূল, দুটোকেই মানুষের কাছ থেকে দূরে সরিয়ে রাখার কাজ মুখ্যমন্ত্রী করবে। যাতে এরা দুজনেই মাথা তুলতে না পারে।’
এ সময় নন্দীগ্রাম ও রেজিনগরের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। শুভেন্দু বলেন, নন্দীগ্রামের মানুষ এই সরকারকে সমর্থন করেছেন। রেজিনগরে ৭০ শতাংশ মুসলিম জনগোষ্ঠীর বসবাস হলেও তারাও সরকারকে সমর্থন করছেন।
শুভেন্দুর বক্তব্যের জবাবে বাম নেতা শতরূপ ঘোষ বলেন, ভারতের সংবিধানে নাস্তিক হওয়ার অধিকার রয়েছে, কিন্তু ঘুষ খাওয়ার অধিকার নেই। তিনি বললেন, ‘আমরা নাস্তিক। আমরা পূজা করি না, আমরা নামাজ পড়ি না। সুতরাং আমরা যা করি, আইন মেনেই করি।’
পূজার সময় বিভিন্ন এলাকায় বামপন্থীদের বই বিক্রির স্টল ঘিরে হামলা ও সংঘর্ষের অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে রাজ্য মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিএম। গত শুক্রবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম অভিযোগ করেন, এসব ঘটনায় পুলিশ হামলাকারীদের সহযোগিতা করেছে। কোথাও কোথাও পুলিশ নিজেই হামলা চালিয়েছে। বইয়ের স্টলে বসে থাকা ব্যক্তিদের ধাক্কাধাক্কি, আহত ও অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। সেলিম জানান, এসব ঘটনার প্রতিবাদ জানাতেই তারা মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। কমিশনের দেওয়া সুপারিশে তারা সন্তুষ্ট।
তথ্যসূত্র: এবিপি




