বিজেপির আইটি সেল নিয়ে ভিডিও, ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠি
বিজেপির আইটি সেলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে ২০১৮ সালে একটি ভিডিও প্রকাশ করেছিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। সেই ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া মানহানির মামলায় এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল দিল্লির আদালত। সোমবার সাকেত আদালতের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই নির্দেশ দেন। আগামী ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি।
মামলাটি করেছিলেন বিকাশ সংক্রিত্যায়ন। ‘আই সাপোর্ট নমো’ নামে একটি অনলাইন গোষ্ঠীর প্রশাসক বিকাশ হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থক হিসেবে পরিচিত। তার অভিযোগ, ২০১৮ সালের মে মাসে প্রকাশিত ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামের ভিডিওতে তাকে নিয়ে একাধিক মিথ্যা ও মানহানিকর কথা বলা হয়েছিল। এর ফলে তার সামাজিক সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তিনি।
ভিডিওটিতে বিজেপির অনলাইন প্রচারব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন রাঠি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও সেটি শেয়ার করেন। এরপর রাঠি ও কেজরিওয়াল—দুজনের বিরুদ্ধেই মানহানির মামলা করেন বিকাশ।
মামলার দীর্ঘসূত্রতা নিয়ে সোমবার আদালতে প্রশ্ন ওঠে। অভিযোগকারী পক্ষের আইনজীবী সমক্ষ শর্মা জানান, বারবার চেষ্টা করেও রাঠির কাছে আদালতের সমন পৌঁছানো যাচ্ছে না। এর আগে তার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানাও জারি হয়েছিল। আদালতের সংশ্লিষ্ট কর্মীরা রাঠির ঠিকানায় গিয়ে বাড়ি তালাবদ্ধ পেয়েছিলেন বলে আদালতকে জানানো হয়। এরপরই জামিন অযোগ্য পরোয়ানা জারির নির্দেশ দেন বিচারক।
বিজেপি ও নরেন্দ্র মোদি সরকারের সমালোচনামূলক ভিডিওর জন্য পরিচিত ধ্রুব রাঠি। তার ভিডিওতে ক্ষমতাসীন দলের নীতি, রাজনৈতিক প্রচার এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষ করে বিজেপির অনলাইন প্রচারযন্ত্রের ভূমিকা নিয়ে তার একাধিক ভিডিও আলোচনায় এসেছে।
তবে আদালতের এই নির্দেশ মামলার চূড়ান্ত রায় নয়। বিকাশের অভিযোগের সত্যতা নিয়ে এখনো বিচার শেষ হয়নি। আগামী ৩ ডিসেম্বরের শুনানিতে মামলার পরবর্তী অগ্রগতি জানা যেতে পারে।



