মণিপুরে ধান কাটতে গিয়ে গুলিতে নারী নিহত, আহত ২

গ্রাফিকস: আগামীর সময়
ভারতের মণিপুরের সংঘর্ষকবলিত কাঙপোকপি জেলায় ধান কাটতে গিয়ে সশস্ত্র হামলাকারীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার তাফৌ কুকি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। নিরাপত্তারক্ষীদের উপস্থিতিতে কৃষকদের ওপর কীভাবে হামলা হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
নিহত নারীর নাম কিমনেইনেং চোংলোই (৪২)। তিনি থাংগৌ চোংলোইয়ের স্ত্রী। আহত দুজন হলেন- সেখখোংগাম ডেভিড চোংলোই (৩৪) ও লামখোচন চোংলোই (৪৬)। তারা সবাই তাফৌ কুকি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই গ্রামের দুই যুবককে অপহরণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ পরিস্থিতিতে কৃষকদের ধান কাটার কাজে নিরাপত্তা দিতে সেনাপতি জেলার পুলিশ সুপারের উদ্যোগে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
ধান কাটার সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ছিল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ১১২, ১৪২ ও ১৫২ ব্যাটালিয়নের তিনটি সেকশন। পাশাপাশি সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ১৪৯ ব্যাটালিয়নের একটি সেকশন এবং সেনাপতি জেলা পুলিশের একটি দলও সেখানে উপস্থিত ছিল।
নিরাপত্তাব্যবস্থার মধ্যেই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাফৌ কুকি-কাইলেনজাং সড়কসংলগ্ন কৃষিজমিতে ধান কাটছিলেন গ্রামবাসীরা। তারা ওনাইমে তাফৌ লিয়াংমেই গ্রামের কাছাকাছি এলাকায় পৌঁছালে ওনাইমে লিয়াংমেই তাফৌ দিক থেকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আসা সশস্ত্র হামলাকারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও হামলা ঠেকানো যায়নি।
গুলিতে গুরুতর আহত দুজনকে প্রথমে কাঙপোকপি জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাদের অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অন্যদিকে, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর কিমনেইনেংয়ের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে মরদেহটি গ্রামের প্রধানের বাড়িতে নেওয়া হয়। পরে সেখান থেকে কাঙপোকপিতে স্থানান্তর করা হয়।
গ্রামবাসীদের আরও অভিযোগ, হামলার পর কয়েকজন কৃষক জমিতে ফেলে আসা জিনিসপত্র আনতে ফিরে গেলে তাদের লক্ষ্য করেও আবার গুলি চালানো হয়। ততক্ষণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছিল। নিরাপত্তাব্যবস্থা থাকার পরও কৃষকদের জীবন কতটা সুরক্ষিত, এ ঘটনা সেই প্রশ্নকে আরও জোরালো করেছে।



