মোদির জন্মদিনের অনুষ্ঠানে না যাওয়ায় ৫০০ টাকা করে জরিমানা
- আইআইএম জম্মুর নোটিস ঘিরে বিতর্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে উপস্থিত না থাকায় শিক্ষার্থীদের কাছে কারণ জানতে চাওয়া এবং জরিমানার কথা বলা হয়েছে। এমন একটি নোটিস ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে আইআইএম জম্মুতে। উল্লেখ্য যে, অনুষ্ঠানে না আসা শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বরের মধ্যে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছিল। অন্যথায় জন প্রতি ৫০০ টাকা জরিমানার কথা নোটিসে উল্লেখ ছিল।
ঘটনার সূত্রপাত হয়, গত ১৬ সেপ্টেম্বর । ওই দিন আইআইএম জম্মুতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, জম্মু) প্রদীপ জ্বালানোর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। পরের দিন, ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে দেশজুড়ে প্রদীপ জ্বালানো সহ আরও বিভিন্নরকম কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
আইআইএম জম্মুর ছাত্র পরিষদের নামে জারি করা ওই নোটিসে বলা হয় যে, ১৬ সেপ্টেম্বরের প্রদীপ জ্বালানোর অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারে বাধ্যতামূলক ছিল। ফলে যারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না, তাদের লিখিতভাবে জানাতে হবে কেন তারা অনুপস্থিত ছিলেন। অসুস্থতার কারণে কেউ না এলে তাকে ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্র থেকে লিখিত প্রমাণ দিতে হবে যে ওই সময়ে তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। ১৮ সেপ্টেম্বরের মধ্যে জবাব না দিলে ৫০০ টাকা জরিমানা করা হবে বলেও ওই নোটিসে বলা হয়।
এদিকে এই নোটিসটি প্রকাশ্যে আসার পরেই শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক কর্মসূচিতে পড়ুয়াদের উপস্থিতি বাধ্যতামূলক করা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই বিরোধী দল কংগ্রেসও বিষয়টি নিয়ে সরব হয়। উপত্যকায় দলের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির হুসেন প্রশ্ন তোলেন যে , কোনও শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কেন বাধ্যতামূলক করা হবে। তার বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানের ভিতর রাজনৈতিক প্রচার থেকে দূরে থাকা উচিত।
যদিও সোমবার আইআইএম জম্মুর এক মুখপাত্র অভিযোগগুলি খারিজ করে বলেন যে, কোনও শিক্ষার্থীর কাছ থেকেই জরিমানা নেওয়া হয়নি। তার দাবি, বিষয়টি নিয়ে অকারণে রাজনীতি করা হচ্ছে। তার আরও বক্তব্য, পড়াশোনার বাইরের বিভিন্ন অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ তাদের সামগ্রিক বিকাশে সাহায্য করে।



