টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি নিয়ে ভারতের আদালতে বাংলাদেশের লড়াই, শুনানি ৭ ডিসেম্বর
- বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির নামে পশ্চিমবঙ্গের জিআই স্বীকৃতি নিয়েই বিরোধ। বাংলাদেশের আবেদনের বিরোধিতা করে মামলা খারিজের দাবি জানিয়েছিল পশ্চিমবঙ্গের তাঁতি সমবায়। সেই দাবি খারিজ করে পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের।

সংগৃহীত ছবি
টাঙ্গাইল শাড়ি কার? এই প্রশ্ন ঘিরেই ভারত ও বাংলাদেশের মধ্যে আইনি বিরোধ। বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী এই শাড়িকে ২০২৪ সালে পশ্চিমবঙ্গের নামে ভৌগোলিক নির্দেশক বা জিআই স্বীকৃতি দেয় ভারত। বাংলাদেশের আপত্তি, টাঙ্গাইল শাড়ির জন্ম ও ঐতিহাসিক পরিচয় বাংলাদেশের টাঙ্গাইল জেলার সঙ্গে জড়িত। তাই পশ্চিমবঙ্গের নামে এই স্বীকৃতি দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে। বিষয়টি নিয়ে এবার ভারতের আদালতে লড়াই চলছে।
বিরোধের সূত্রপাত ২০২০ সালে। ওই বছরের ৮ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ রাজ্য হস্ততাঁত তাঁতি সমবায় সমিতি ভারতের জিআই দপ্তরে ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে স্বীকৃতির আবেদন করে। তাদের বক্তব্য, দেশভাগের পর বাংলাদেশের টাঙ্গাইল থেকে বহু তাঁতি পশ্চিমবঙ্গে চলে আসেন। নদিয়ার ফুলিয়া ও শান্তিপুরে বসতি গড়ে তারা শাড়ি বোনা শুরু করেন। তাদের তৈরি শাড়িতে শান্তিপুরের বুননশৈলীর সঙ্গে ঢাকা-টাঙ্গাইলের নকশার মিশ্রণ ঘটেছে। তাই পশ্চিমবঙ্গেও এই শাড়ির নিজস্ব উৎপাদন ও ঐতিহ্য রয়েছে।
২০২৪ সালের ২ জানুয়ারি ভারতের জিআই দপ্তর আবেদনটি মঞ্জুর করে। ‘টাঙ্গাইল শাড়ি অব বেঙ্গল’ নামে পশ্চিমবঙ্গকে উৎপাদন এলাকা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এর পরই বাংলাদেশে আপত্তি ওঠে। বাংলাদেশের টাঙ্গাইল জেলা প্রশাসন জানায়, এই শাড়ির ইতিহাস ও পরিচয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি বাংলাদেশও নিজস্ব আইনে ‘টাঙ্গাইল শাড়ি’কে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়।
এই বিরোধ মেটাতে ২০২৫ সালে বাংলাদেশের টাঙ্গাইলের উপকমিশনার মাদ্রাজ হাইকোর্টে আবেদন করেন। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের মাধ্যমে মামলাটি করা হয়। আবেদনে ভারতের দেওয়া জিআই স্বীকৃতি বাতিল অথবা সংশোধনের দাবি জানানো হয়েছে। বাংলাদেশের যুক্তি, টাঙ্গাইল শাড়ির নাম ও ভৌগোলিক পরিচয় বাংলাদেশের জেলার সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে, পশ্চিমবঙ্গের তাঁতি সমবায়ের দাবি, সেখানেও বহু বছর ধরে এই শাড়ি তৈরি হচ্ছে। ফলে দুই পক্ষের মধ্যে মূল বিরোধ শাড়িটির উৎপত্তি, পরিচয় এবং জিআই স্বীকৃতি নিয়ে।
গত ২০ নভেম্বর বিচারপতি পিবি বালাজি মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। পশ্চিমবঙ্গের তাঁতি সমবায় বাংলাদেশের আবেদন খারিজ করার দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, টাঙ্গাইলের উপকমিশনার এই মামলা করার মতো ‘ক্ষতিগ্রস্ত ব্যক্তি’ নন। ভারতের ১৯৯৯ সালের জিআই আইন অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানই এ ধরনের আবেদন করতে পারে। কিন্তু আদালত সেই যুক্তি মেনে বাংলাদেশের আবেদন খারিজ করেননি। বরং মামলাটির পূর্ণাঙ্গ শুনানির নির্দেশ দিয়েছেন। আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানি হবে।
এদিকে, ২০২৫ সালের ডিসেম্বরে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বোনার ঐতিহ্যও জায়গা পেয়েছে। তবে মাদ্রাজ হাইকোর্ট এখনো শাড়িটির জিআই স্বীকৃতি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি। আগামী শুনানিতে দুই পক্ষের বক্তব্য ও নথিপত্র বিবেচনার পর মামলাটি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর।
সূত্র: বার অ্যান্ড বেঞ্চ, লাইভল, ভারতের জিআই রেজিস্ট্রি



