বাথরুমে জন্মদানের পর কিশোরীর বিরুদ্ধে সন্তানকে জানালা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ

নার্সিং হোমটি ঘিরে রেখেছে স্থানীয় পুলিশ। ছবি/ সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় একটি নার্সিংহোমের বাথরুমের জানালা দিয়ে নবজাতককে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ১৬ বছর বয়সী এক কিশোরীর বিরুদ্ধে। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। শনিবার এ ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা কিশোরীকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করেন। পরদিন সকালে ব্যথা বেড়ে গেলে সে একাই বাথরুমে যায়। সেখানে তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।
সন্তান জন্ম দেওয়ার পরপরই নবজাতককে বাথরুমের জানালা দিয়ে নিচে ফেলে দেয় কিশোরী। কিছুক্ষণ পর এক পথচারী শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। তার চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা ছুটে আসেন। নার্সরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, কিশোরীকে ভর্তির সময় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হয়েছিল। তবে তারা বিষয়টি অস্বীকার করেন। অন্যদিকে, কিশোরীর মা দাবি করেছেন, তার মেয়ে অন্তঃসত্ত্বা ছিল—এ বিষয়ে পরিবারের কেউ জানতেন না। পেটের সাধারণ ব্যথা মনে করেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
ঘটনার পর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের বক্তব্য যাচাইয়ের পাশাপাশি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। নবজাতকের ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নার্সিংহোমে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এমনকি হাসপাতাল প্রাঙ্গণ থেকে আগে ভ্রূণ উদ্ধারের ঘটনাও ঘটেছিল বলে দাবি করেছেন তারা।
সূত্র- আনন্দবাজার




