আরশোলা আন্দোলনে যোগ
আমির খানের ভাতিজা ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

বলিউড অভিনেতা ইমরান খান
নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘তেলাপোকা জনতা পার্টি’ (সিজেপি)-র আন্দোলনে যোগ দেওয়ার জেরে বিপাকে বলিউড অভিনেতা ইমরান খান। অভিনেতা আমির খানের ভাতিজা ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ। ১০ অক্টোবর মুম্বাইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে যোগ দিয়েছিলেন তিনি। ওই বিক্ষোভ থেকে তাকে আটকও করা হয়েছিল। তার কয়েক দিনের মধ্যেই দেশ ছাড়ার নোটিস ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
মুম্বাই পুলিশের বক্তব্য, ইমরান ভারতীয় নাগরিক নন। তিনি মার্কিন নাগরিক এবং ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী বলে জানা গিয়েছে। বিদেশি নাগরিক হিসেবে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বিজেপি নেতা কিরীট সোমাইয়া ইমরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তার অভিযোগ ছিল, ভারতীয় নাগরিক না হয়েও ইমরান রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়েছেন। সেই অভিযোগের পরেই পুলিশি পদক্ষেপের বিষয়টি সামনে আসে।
ইমরানের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিবাদের অধিকার এবং বিদেশি নাগরিকদের ভারতে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার আইনি সীমা নিয়ে প্রশ্ন উঠেছে। ওসিআই কার্ড ভারতীয় নাগরিকত্বের সমতুল্য নয়,এই কার্ডধারীদের অধিকার ও বিধিনিষেধের মধ্যে পার্থক্য রয়েছে। তবে দেশ ছাড়ার নির্দেশের আইনি ভিত্তি এবং তার বিরুদ্ধে ইমরান কোনও পদক্ষেপ গ্রহণ করেন কি না, সে দিকেও নজর রাখছে রাজনৈতিক মহল ।



