ভাত নির্ভর খাদ্যে ঝুঁকিতে মাতৃপুষ্টি
- প্রতি পাঁচজন মায়ের একজনের শরীরে রযেছে ভিটামিন বি১ ঘাটতি

প্রতীকী ছবি
ভাত, দক্ষিণ এশিয়ার কোটি কোটি মানুষের প্রধান খাদ্য। কিন্তু প্রতিদিনের পাতে ভাত থাকলেই শরীরের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত হয় না। উত্তর-পূর্ব ভারতের আসাম ও ত্রিপুরার একাংশে চালনির্ভর খাদ্যাভ্যাসের সঙ্গে ভিটামিন বি১-এর ঘাটতির সম্পর্ক সামনে এনেছে নতুন একটি গবেষণা। সমীক্ষায় দেখা গিয়েছে, গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের প্রায় প্রতি পাঁচ জনের একজনের শরীরে এই গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি রয়েছে। তাদের মধ্যে প্রায় ১০ শতাংশের ক্ষেত্রে ঘাটতি গুরুতর পর্যায়ে পৌঁছেছে।
আসামের বরাক উপত্যকা এবং ত্রিপুরার সংলগ্ন জেলাগুলির ১২০টি গ্রামে ২০২৩-২৪ সালে এই গবেষণা চালানো হয়। গবেষকদের মতে, মাতৃ ও শিশুপুষ্টির ক্ষেত্রে এমন একটি সমস্যা সামনে এসেছে, যা অনেক সময় স্পষ্ট উপসর্গ না থাকায় শনাক্তই হয় না। বিশেষ করে গর্ভাবস্থা ও সন্তানকে বুকের দুধ খাওয়ানোর সময়ে ভিটামিনের ঘাটতি মা ও শিশুর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
গবেষণায় দেখা গিয়েছে, অংশগ্রহণকারী নারীদের খাদ্যতালিকায় পালিশ করা সাদা চালের ভাতের প্রাধান্য রয়েছে। বিপরীতে, ভিটামিন বি১ সমৃদ্ধ ডাল, শাকসবজি, বাদাম ও অন্যান্য পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়ার প্রবণতা কম। মাছ তাদের খাদ্যতালিকার প্রধান প্রাণিজ খাবার হলেও ডিম, মাংস, দুধ, দুগ্ধজাত খাবার ও ফলমূল তুলনামূলকভাবে কম খাওয়া হয়।
গবেষকদের পর্যবেক্ষণ, সমস্যাটি শুধু পর্যাপ্ত খাবার না পাওয়ার নয়, বরং প্রতিদিনের খাবারে পুষ্টির বৈচিত্র্য না থাকারও। আর্থিক সীমাবদ্ধতা এবং পুষ্টিকর খাবারের সীমিত প্রাপ্যতার কারণে অনেক পরিবার সস্তা ও সহজলভ্য প্রধান খাদ্যের ওপর নির্ভরশীল। ফলে পেট ভরলেও শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের ঘাটতি থেকে যাচ্ছে।
ভিটামিন বি১ বা থায়ামিন শরীরে খাদ্য থেকে শক্তি উৎপাদন এবং স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভিটামিনের তীব্র অভাবে বেরিবেরি রোগ হতে পারে। শিশুদের ক্ষেত্রে থায়ামিনের ঘাটতি গুরুতর শারীরিক জটিলতা তৈরি করতে পারে।
সমীক্ষার অন্যতম উদ্বেগজনক দিক হলো, অনেকের শরীরে এই ঘাটতি থাকলেও প্রাথমিক পর্যায়ে স্পষ্ট লক্ষণ দেখা যায় না। ফলে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার বাইরে থাকা নারীদের মধ্যে সমস্যা অজানাই থেকে যেতে পারে। গবেষকদের মতে, এই নীরব পুষ্টিঘাটতির প্রকৃত বিস্তার চিকিৎসার মাধ্যমে শনাক্ত হওয়া বেরিবেরি রোগীর সংখ্যার তুলনায় অনেক বেশি হতে পারে।
পালিশ করা চালের ওপর নির্ভরশীল জনগোষ্ঠীর মধ্যে থায়ামিনের ঘাটতি দীর্ঘদিনের পরিচিত সমস্যা। চালের বাইরের স্তরে থাকা ভিটামিনের উল্লেখযোগ্য অংশ পালিশ করার সময় নষ্ট হয়ে যায়। ফলে খাদ্যতালিকায় পর্যাপ্ত বিকল্প পুষ্টিকর খাবার না থাকলে দীর্ঘদিন ধরে এ ধরনের চাল খাওয়ার কারণে ঘাটতির ঝুঁকি বাড়ে।
গবেষণাটির গুরুত্ব শুধু অসম বা ত্রিপুরার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু অঞ্চলে ভাত প্রধান খাদ্য হওয়ায় চালের পুষ্টিগুণ, খাদ্যতালিকার বৈচিত্র্য এবং মাতৃপুষ্টির বিষয়টি নতুন করে আলোচনার দাবি রাখে। তবে এই সমীক্ষার ফলাফল বাংলাদেশের নারীদের মধ্যে একই ধরনের ঘাটতির হার প্রমাণ করে না। সে জন্য পৃথক গবেষণা ও পুষ্টি-সংক্রান্ত তথ্য প্রয়োজন।
অ্যানালস অব দ্য নিউ ইয়র্ক অ্যাকাডেমি অব সায়েন্সেস পত্রিকায় প্রকাশিত এই গবেষণায় মাতৃ ও শিশুপুষ্টি সংক্রান্ত সরকারি কর্মসূচিতে ভিটামিন বি১-এর ঘাটতিকে বিশেষ গুরুত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে।
গবেষকদের পরামর্শ, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের প্রয়োজন অনুযায়ী থায়ামিন সাপ্লিমেন্ট দিতে হবে। পাশাপাশি ভিটামিন বি১-যুক্ত প্রসূতি-পূর্ব মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট, পুষ্টিকর খাবার সম্পর্কে সচেতনতা এবং খাদ্যতালিকায় বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ প্রয়োজন। নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য খাদ্যশস্যে ভিটামিন মেশানোর বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।
এই গবেষণা দক্ষিণ এশিয়ার জনস্বাস্থ্য নীতির সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—খাদ্যের পর্যাপ্ততা আর পুষ্টির নিশ্চয়তা কি এক বিষয়? ভাতনির্ভর সমাজে শুধু খাদ্যের জোগান বাড়ালেই মাতৃ ও শিশুপুষ্টির সমস্যা মিটবে না। প্রতিদিনের খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের উপস্থিতি নিশ্চিত করাও সমান জরুরি।



