হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গরু জবাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

পশ্চিমবঙ্গে গোপনে গবাদিপশু জবাইয়ের বিরুদ্ধে কড়া অবস্থানের কথা গত সোমবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই মুর্শিদাবাদের সাগরদীঘিতে পশু জবাইয়ের অভিযোগে চারজন মুসলিম ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে শেখদীঘির হাজিপুর এলাকার একটি নির্জন জায়গায় অভিযান চালিয়ে ধরা হয় তাদের। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোরে সাগরদীঘি থানার পুলিশ হাজিপুরে যায়। সেখানে পশু জবাই করা হচ্ছে বলে খবর ছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করে। আটক হওয়া ব্যক্তিদের বাড়ি ওই এলাকাতেই বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, তাদের নাম নাজফুল হক, হেসামুদ্দিন শেখ, কেতাবুল শেখ ও শামসুল হক।
ঘটনার এক দিন আগে, গত সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর গবাদিপশু জবাই নিয়ে কড়া বার্তা দেন শুভেন্দু। তিনি বলেছেন, ‘যেভাবেই ব্যাখ্যা করুন না কেন, এই রাজ্যে গোমাতাকে হত্যা করতে দেব না। আইন থাকার পরও লুকিয়ে-চুরিয়ে এ কাজ চলছে। সব বন্ধ করা হবে।’ একই সঙ্গে তিনি জানালেন, বেআইনি জবাই বন্ধে নতুন বিল আনার পরিকল্পনা রয়েছে। অপরাধের খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার পথও তৈরি করতে চায় সরকার। এদিনের মন্ত্রিসভার বৈঠকে বয়স্ক ও অসুস্থ গরুর দেখভালের জন্য গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ টাকা আর্থিক সহায়তা দওেয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত মে মাসেই গরু, বলদ ও মহিষ জবাইয়ের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ জারি করেছিল। এবার সেই আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নতুন বিল আনার কথা বলছে রাজ্য সরকার।



