কর্মীর মা হাসপাতালে, ছুটি চাওয়ায় বসের প্রশ্ন মাসের ক্লোজিং নিয়ে

বসের জবাব শুনে হতবাক হয়ে যান ওই কর্মী। প্রতীকী ছবি
মা হাসপাতালে ভর্তি। এমন জরুরি পরিস্থিতিতে বাড়ি ছুটতে হয়েছিল এক কর্মীকে। বিষয়টি জানিয়ে রাত ৩টার দিকে অফিসের বসকে অনুপস্থিত থাকার কথা জানান ওই কর্মী। কিন্তু সহানুভূতির বদলে বসের কাছ থেকে আসে মাসের বিক্রয় হিসাব নিয়ে প্রশ্ন।
আর বসের এমন প্রতিক্রিয়াতেই ভেঙে পড়েন ওই কর্মী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানতে চান, তিনি কি বিষয়টি নিয়ে বেশি প্রতিক্রিয়া দেখাচ্ছেন?
একটি সফটওয়্যার কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করেন ওই ব্যক্তি। কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ মায়ের দেখাশোনার জন্য প্রায় প্রতি সপ্তাহেই নিজের শহরে যেতে হয় তাকে।
এর মধ্যে হঠাৎ দেখা দেয় জরুরি চিকিৎসার। মাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাই আবারও বাড়ি ফিরতে হয় তাকে। রাত ৩টার দিকে বসের ফোনে নিজের অনুপস্থিতির কথা জানান তিনি।
কিন্তু বসের জবাব শুনে হতবাক হয়ে যান ওই কর্মী। বস জানতে চান, ‘ঠিক আছে। কিন্তু এই মাসের ক্লোজিংয়ের কী হবে?’।
তখন ওই কর্মী বলেছেন, মাসের শেষের বিক্রয় হিসাব গুরুত্বপূর্ণ, তা তিনি বোঝেন। কাজের বিষয়টি প্রতিষ্ঠান গুরুত্ব দেবে না, এমনটিও তিনি বলছেন না।
তবে মায়ের জরুরি হাসপাতালে ভর্তির খবর দেওয়ার পর অন্তত ‘মায়ের যত্ন নিন, ক্লোজিংয়ের বিষয়টি পরে আলোচনা করব’ ধরনের একটি প্রতিক্রিয়া আশা করেছিলেন ওই কর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে ওই কর্মী বলেছেন, হয়তো তিনি বিষয়টি ব্যক্তিগতভাবে বেশি নিচ্ছেন। তাই এ নিয়ে অন্যদের মতামত জানতে চেয়েছেন।
পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ওই কর্মীর পাশে দাঁড়ান। তারা পরিবারকে সবকিছুর আগে রাখার পরামর্শ দেন।
‘প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের মানুষগুলো অর্থের জন্য নিজেদের সবকিছু বিসর্জন দিয়েছেন’, একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন।
আরেকজন ওই কর্মীকে প্রতিষ্ঠান পরিবর্তনের পরামর্শ দিয়ে বলেছেন, এমন আরও অনেক ভালো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে কর্মীদের জন্য নমনীয়তার সুযোগ রয়েছে।
তার ভাষ্য, মানুষ পরিবারের জন্যই আয় করে ও জীবনযাপন করে। তাই ভালো কর্মপরিবেশের জন্য অন্য প্রতিষ্ঠানে যাওয়ার কথা ভাবা উচিত।
সূত্র : এনডিটিভি









