চীনের মহাকাশ অভিযানে পাকিস্তানি নভোচারী

চীনের মহাকাশ স্টেশনে চলতি বছরের শেনঝৌ-২৪ অভিযানে যোগ দেবেন একজন পাকিস্তানি নভোচারী। বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। শনিবার এ তথ্য জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। তবে পাকিস্তানি নভোচারীর নাম প্রকাশ করেনি চীন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার বরাত দিয়ে সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যোগ দেবেন ওই নভোচারী। অভিযানে পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন তিনি। অভিযানের তারিখ এখনো ঘোষণা করেনি বেইজিং। সিসিটিভি জানিয়েছে, স্বল্পমেয়াদি মহাকাশযাত্রা শেষ করে পৃথিবীতে ফিরবেন ওই নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে অংশ নিতে যাচ্ছেন। বেইজিংয়ের মহাকাশ কূটনীতির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেপ্টেম্বরে প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, এই অভিযানের জন্য দুজন পাইলট জিশান আলি ও খুররম দাউদ কয়েক মাস ধরে প্রশিক্ষণ নিচ্ছেন বেইজিংয়ের চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে।



