৩২২ এমপির সমর্থন পেয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে বার্নহাম

অ্যান্ডি বার্নহাম। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের পরবর্তী লেবার পার্টি নেতা ও প্রধানমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেছেন অ্যান্ডি বার্নহাম। কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হতে লেবার পার্টির বেশিরভাগ পার্লামেন্ট সদস্যের সমর্থন পেয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রক্রিয়া শুরু হওয়ার পর একমাত্র ঘোষিত প্রার্থী হিসেবে বার্নহাম এখন পর্যন্ত ৩২২ জন লেবার এমপির সমর্থন পেয়েছেন। আর মাত্র একজন অর্থাৎ ৩২৩ জন এমপির সমর্থন পেলেই তার বিরুদ্ধে আর কোনো প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ থাকবে না।
বেশ কয়েকজন এমপি জানিয়েছেন, বৃহস্পতিবার তারা ভোট দিতে না পারলেও পার্লামেন্টে ফিরেই বার্নহামকে সমর্থন জানাবেন।
যদি অন্য কেউ এই প্রতিযোগিতায় না নামেন, তবে আগামী সপ্তাহে বার্নহামকে লেবার পার্টির নেতা ঘোষণা করা হবে। এরপর আগামী ২০ জুলাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
কয়েক সপ্তাহ আগেই গ্রেটার ম্যানচেস্টারের সাবেক এই মেয়র মেকারফিল্ডের উপনির্বাচনে জয়ী হয়ে পার্লামেন্টে আসেন। সেখান থেকে এবার সরাসরি দেশের শীর্ষ ক্ষমতার কাছাকাছি চলে এসেছেন তিনি।
এক বিবৃতিতে বার্নহাম তাকে মনোনীত করার জন্য লেবার এমপিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্নহাম বলেছেন, দলের সব অংশ থেকেই এই সমর্থন এসেছে। এটি প্রমাণ করে, ব্রিটেনের রাজনীতিতে এখন একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রয়োজন। বার্নহাম ক্ষমতাকে ওয়েস্টমিনস্টার থেকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার এবং প্রতিটি এলাকায় সুষম উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
গত মে মাসের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় বিপর্যয় এবং মেকারফিল্ডে বার্নহামের জয়ের পর থেকে স্টারমারকে সরে দাঁড়ানোর জন্য চাপ দিচ্ছিলেন এমপিরা। বার্নহাম এমপি হিসেবে শপথ নেওয়ার দিনই কিয়ার স্টারমার পদত্যাগের ঘোষণা দেন।
৩২৩ জন এমপির মনোনয়নের পাশাপাশি বার্নহামকে দলের সঙ্গে যুক্ত ৩১টি সোশ্যালিস্ট সোসাইটি ও ট্রেড ইউনিয়নের মধ্যে অন্তত তিনটির মনোনয়ন পেতে হবে। এটি হলে গ্রীষ্মকালীন ছুটিতে ভোটের আর কোনো প্রয়োজন হবে না। নির্বাচন ছাড়াই বার্নহাম সরাসরি ডাউনিং স্ট্রিটে প্রবেশ করবেন।
এর আগে ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির শীর্ষ পদের লড়াইয়ে নেমে দুবারই ব্যর্থ হয়েছিলেন বার্নহাম। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মনোনয়নের কথা জানিয়ে তিনি রসিকতা করে লেখেন, ‘আশা করি এবার তৃতীয়বারে ভাগ্য সহায় হবে।’
এদিকে বার্নহামের ভূয়সী প্রশংসা করেছেন বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, বার্নহাম একজন দক্ষ প্রধানমন্ত্রী হবেন। অতীতে তার অধীনে কাজ করার অভিজ্ঞতাও স্মরণ করেন স্টারমার।
সূত্র : বিবিসি





