ইরানের হুমকিতে আরেকটি ব্রিটিশ ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স
ইরানের হুমকির পর যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকে সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সংশ্লিষ্ট ঘটনাবলি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)।
পত্রিকাটি জানায়, কথিত ওই হুমকির পর সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত মিল্ডেনহল রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জ্বালানি সরবরাহকারী বিমান সরিয়ে নেওয়া হয়।
স্কাই নিউজ মঙ্গলবার ফ্লাইট পর্যবেক্ষণ সূত্রের বরাত দিয়ে জানায়, সোমবার মিল্ডেনহল ঘাঁটি থেকে ১২টি বিমান উড়ে যায়। এর মধ্যে ছিল ৯টি জ্বালানি সরবরাহকারী বিমান এবং তিনটি অসপ্রে পরিবহন বিমান।
ডব্লিউএসজে জানিয়েছে, ইরানের হুমকির ‘সুনির্দিষ্ট ধরন’ নিয়ে এখনো মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে পেন্টাগন তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে বললেন, ‘আমরা নিয়মিতভাবে অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে মন্তব্য করি না।’
তিনি আরও বলেছেন, ‘সামরিক প্রয়োজন অনুযায়ী বিমান ও অন্যান্য সরঞ্জাম নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে সরানো হয়।’
এর কয়েক সপ্তাহ আগেই যুক্তরাজ্যের আরেকটি বিমানঘাঁটি আরএএফ ফেয়ারফোর্ড থেকে বি-১ বোমারু বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানসংশ্লিষ্ট অজ্ঞাত কিছু হুমকির কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিমানঘাঁটিতে হামলার কথিত ষড়যন্ত্রের অভিযোগে এক ব্রিটিশ-ইরানি নাগরিকসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়। গত মাসে সন্ত্রাসবাদবিরোধী পুলিশ তাদের মধ্যে দুজনের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট অপরাধের অভিযোগ আনে।
ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানের পথে ওয়াশিংটন ‘ইতিবাচক অগ্রগতি’ দেখতে পাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরুর পর এই সংঘাতের সূত্রপাত হয়।
আরএএফ মিল্ডেনহল ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ১০০তম এয়ার রিফুয়েলিং উইং রয়েছে। এই ইউনিটের অধীনে রয়েছে স্ট্র্যাটোট্যাংকার, কমান্ডো টু এবং অসপ্রে বিমান।
ডব্লিউএসজে জানিয়েছে, সরিয়ে নেওয়া জ্বালানি সরবরাহকারী বিমানগুলোর মধ্যে দুটি জার্মানিতে গিয়ে অবতরণ করে। সোমবার পরে ঘাঁটিতে থাকা আরও কয়েকটি বিমান জার্মানি ও অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়।
যুক্তরাজ্য সরকারের মন্ত্রী লুসি পাওয়েল বলেছেন, সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তাব্যবস্থা নিয়মিত পর্যালোচনা করা হয়।
স্কাই নিউজকে তিনি বললেন, ‘এ ধরনের চলমান সামরিক অভিযান নিয়ে আমি মন্তব্য করতে পারব না।’
তিনি আরও বলেছেন, ‘সাম্প্রতিক অন্যান্য ঘটনার মতো প্রয়োজন হলে আমরা দ্রুত ও কঠোর পদক্ষেপ নিই।’
সূত্র: এএফপি




