ব্রিটিশ রয়্যাল নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন ঘোষণা ইরানের

ছবি: রয়টার্স
ব্রিটিশ রয়্যাল নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ সংগঠন এবং দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, লন্ডনের ‘বিদ্বেষপূর্ণ’ কর্মকাণ্ডের জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৩ জুলাই যুক্তরাজ্য ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর অধীনে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধে সামরিক ও রসদ সরবরাহের ঘাঁটি এবং স্থাপনা ব্যবহারের সুযোগ দিয়ে অংশ নেওয়ার জন্যও লন্ডনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে তেহরান। এসব ঘাঁটি ও স্থাপনা ব্রিটিশ কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। ওই হামলার জবাবে অঞ্চলজুড়ে পাল্টা হামলা চালায় ইরান।
পরবর্তী সময়ে কূটনৈতিক তৎপরতা এবং জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও নিরাপত্তাব্যবস্থা ও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা কমেনি।
সূত্র: মিডলইস্ট মনিটর



