ফ্রান্সে সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত শত শত সুপারশপ

হামলায় পুরো খুচরা বিক্রয় খাতে মোট কত ক্ষতি হয়েছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি। ছবি : সংগৃহীত
ফ্রান্সের শত শত সুপারশপের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলা হয়েছে। এতে ফ্রিজের তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এতে নষ্ট হয়ে যায় বিপুল পরিমাণ হিমায়িত খাবার। কয়েকটি দোকানে ঘটেছে আগুন লাগার ঘটনাও।
গতকাল সোমবার ফ্রান্সের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইন্টারমার্শে, কো-অপারেটিভ ইউ, ই লেক্লারসহ কয়েকটি প্রতিষ্ঠান এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা এএফপিকে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, ইন্টারমার্শে ও তাদের নেট্টো ব্র্যান্ডের অন্তত ৩০০টি দোকান হামলার শিকার হয়েছে।
এ ছাড়া কো-অপারেটিভ ইউয়ের ১০০টির বেশি বিক্রয়কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্যারেফোরের ৮০টি সুপারশপ এবং মনোপ্রির প্রায় ৪৯০টি দোকানের মধ্যে ৫ শতাংশও হামলার শিকার হয়েছে।
ই লেক্লার জানিয়েছে, তাদের কয়েকটি দোকান লক্ষ্যবস্তু হয়েছিল।
এই ঘটনা তদন্তে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্ন দেশটির জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা এএনএসএসআইকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
হামলায় পুরো খুচরা বিক্রয় খাতে মোট কত ক্ষতি হয়েছে, তার হিসাব এখনো পাওয়া যায়নি। তবে ইন্টারমার্শের প্রধান নির্বাহী থিয়েরি কোটিয়ার্ড বিএফএম টিভিকে বলেছেন, এক দিনেই দেশ জুড়ে কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।
বিএফএম টিভির প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা দূর থেকে রেফ্রিজারেশন ব্যবস্থার জোরপূর্বক ডিফ্রস্ট বা বরফ গলানোর প্রক্রিয়া চালু করে দিয়েছিল। এতে বহু দোকানে তাজা ও হিমায়িত পণ্যের মজুদ নষ্ট হয়েছে।
কো-অপারেটিভ ইউয়ের প্রধান নির্বাহী দমিনিক শেলশে জানিয়েছেন, রবিবার রাত থেকেই তাদের রেফ্রিজারেশন ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দমিনিক লিখেছেন, তাজা পণ্য সংরক্ষণ এবং ফরাসি জনগণের খাদ্য সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিকে লক্ষ্যবস্তু করা অত্যন্ত গুরুতর ঘটনা। এটি নজিরবিহীন। কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও জানিয়েছেন, দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে প্রতিষ্ঠানটির কর্মীরা কাজ করছেন। হামলার প্রকৃত কারণ ও বিস্তারিত জানতে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
সূত্র : আলজাজিরা



