রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করা ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

রোমানিয়ার বোর্চিয়ার এয়ার বেসে আকাশসীমা নিরাপত্তা মহড়ায় অংশ নিচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
রোমানিয়ার আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করা একটি ড্রোন ভূপাতিত করেছে ন্যাটোর একটি যুদ্ধবিমান। আজ রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য।
মন্ত্রণালয় জানায়, ন্যাটোর আকাশসীমা নিরাপত্তা মিশনে থাকা স্পেনের একটি এফ-১৮ যুদ্ধবিমানের পাইলট ভূপাতিত করেন ড্রোনটি। চলতি বছরে রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করা এটি চতুর্থ ড্রোন।
রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের রয়েছে ৬১৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। গত চার বছরে রুশ ড্রোন দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে বারবার। এ ছাড়া কৃষ্ণসাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্য ও জ্বালানি রুটেও ঘটেছে ভাসমান মাইনের ঘটনা।
তবে এবারের ড্রোনটির উৎস সম্পর্কে কিছু জানায়নি রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, দেশটির রাডারে ড্রোনটির প্রবেশ শনাক্ত হয়। প্রতিবেশী মলদোভা থেকে এটি রোমানিয়ার আকাশসীমায় ঢোকে বলে ধারণা করা হচ্ছে।
ড্রোনটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গালাতির প্রায় ২৪ কিলোমিটার উত্তরে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এফ-১৮ যুদ্ধবিমানটি ড্রোনটির সঙ্গে রাডার যোগাযোগ স্থাপন করে। পরে সেটিকে ভূপাতিত করার অনুমতি দেওয়া হয়। স্থানীয় সময় ভোর ৫টা ১ মিনিটে ড্রোনটি নিরাপদে ভূপাতিত করা হয়।
ড্রোনটির ধ্বংসাবশেষ দুই গ্রামের মধ্যবর্তী একটি জনবসতিহীন এলাকায় পড়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র : সিএনএন







