সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ রবিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন তার এক মুখপাত্র।
এর আগে স্থানীয় সময় রবিবার (২১ জুন) তিনি দেশটির উদ্দেশে রওনা দিয়েছেন।
আগেরদিন শনিবার জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, পারমাণবিক ইস্যু এবং লেবাননের যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার আশা করছেন।
গত এপ্রিলে ইসলামাবাদের সম্মেলনের পর এটিই হবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম সরাসরি আলোচনা। এই বৈঠকের মাধ্যমেই ৬০ দিনের পারমাণবিক আলোচনার আনুষ্ঠানিক শুরু হতে যাচ্ছে।
এর আগে গত শনিবার সকালে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার সুইজারল্যান্ডে পৌঁছান।
একইদিন স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের একটি প্রতিনিধিদলও দেশটিতে এসে পৌঁছায়।
এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত আছেন পাকিস্তান ও কাতারের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান। এ ছাড়া আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিও এই আলোচনায় অংশ নেবেন।
সূত্র : আলজাজিরা




