রাশিয়ার উপকূলে ড্রোন হামলায় তেলবাহী ট্যাংকারে আগুন, ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোচির কাছে চালকবিহীন নৌ ড্রোনের হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘আফ্রাম্যাক্স রিও’-তে আগুন। ছবি: এক্স
রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে সোচির কাছে ড্রোন হামলার পর লাইবেরিয়ার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘আফ্রাম্যাক্স রিও’-তে আগুন ধরে গেছে। ট্যাংকারটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় নাগরিক।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, কেউ আহত হননি।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, চালকবিহীন নৌ ড্রোনের হামলার পর ট্যাংকারটিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। কৃষ্ণসাগরের পানির ওপর অপরিশোধিত তেল জ্বলতে দেখা যায় এবং ঘন কালো ধোঁয়া উঠতে থাকে। আগুনের তীব্রতার কারণে শুরুতে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজে জটিলতা তৈরি হয়।
সোচির কাছে সিরিয়াস অঞ্চলের কর্তৃপক্ষ সাময়িকভাবে কয়েকটি সৈকত বন্ধ করে দেয়। উপকূলে দূষণের মাত্রা পর্যবেক্ষণে দল মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, দূষণের মাত্রা অনুমোদিত সীমার নিচে রয়েছে এবং জনস্বাস্থ্যের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই।
আগুন কমে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণকারী দল কাজ করছেন। সমুদ্রপথের তথ্য অনুযায়ী, হামলার আগে ট্যাংকারটি রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলের কাছে চলাচল করছিল।
ট্যাংকারটি এর আগে রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল।
সূত্র : ফার্স্টপোস্ট




