ডোনাল্ড ট্রাম্প
হরমুজের অভিভাবক হয়ে উঠবে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প- রয়টার্স
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে বলে সোমবার মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এই গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে অর্থ পরিশোধ করা উচিত।
ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বললেন, ‘আমরা প্রণালিটি নিরাপদ রাখব এবং সম্ভবত এর পরিচালনাও করব। আমরা প্রণালিটির অভিভাবক হয়ে উঠব। হয়তো এর নাম দেব ‘প্রণালির অভিভাবক ফেরেশতা’। আর এ কাজের জন্য আমাদের অর্থ পরিশোধ করা উচিত।’
এদিকে জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, গত এক দিনে হরমুজ প্রণালি অতিক্রমকারী তেলবাহী ট্যাংকারের সংখ্যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা এবং বাণিজ্যিক জাহাজে আক্রমণের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
নৌপরিবহন খাতের একাধিক সূত্র জানিয়েছে, ক্রমবর্ধমানসংখ্যক জাহাজ তাদের সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা ট্রান্সপন্ডার বন্ধ করে চলাচল করছে। ফলে প্রণালিটি দিয়ে ঠিক কতটি জাহাজ চলাচল করছে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
উপলব্ধ তথ্যের বিশ্লেষণে ক্লেপলার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাসবাহী ট্যাংকার চলাচল ২৫ মের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।




