এআই যুদ্ধে চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের ভরসা তাইওয়ান
- চিপ থেকে এআই সার্ভার—প্রযুক্তির প্রতিটি গুরুত্বপূর্ণ স্তরে ওয়াশিংটনের নির্ভরতা বাড়ছে তাইপের ওপর
- চীনকে টেক্কা দিতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী শক্তির পাশাপাশি প্রয়োজন তাইওয়ানের উৎপাদন সক্ষমতা ও প্রযুক্তিগত দক্ষতা

এআই যুদ্ধে চীনকে হারাতে তাইওয়ানের ওপরেই ভরসা রাখছে ওয়াশিংটন। ছবি / এআই
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে চলছে নতুন এক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। লড়াইটা কেবল কে বেশি শক্তিশালী এআই মডেল তৈরি করতে পারে, তা নিয়ে নয়; বরং ভবিষ্যতের ডিজিটাল পৃথিবীর প্রযুক্তি, অর্থনীতি, নিরাপত্তা এবং মূল্যবোধের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, সেটিও।
এআই প্রযুক্তিতে এখনো যুক্তরাষ্ট্র এগিয়ে। উন্নত প্রযুক্তির উদ্ভাবন, গবেষণা, বিনিয়োগ এবং শক্তিশালী এআই মডেল তৈরিতে দেশটির অবস্থান বেশ শক্তিশালী। তবে প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, শুধু উন্নত এআই মডেল তৈরি করলেই এই প্রতিযোগিতায় জয়ী হওয়া সম্ভব নয়। এর পেছনে প্রয়োজন বিশাল একটি প্রযুক্তিগত অবকাঠামো, যেখানে রয়েছে বিদ্যুৎ উৎপাদন, উন্নত সেমিকন্ডাক্টর চিপ, সার্ভার, তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং বাস্তব জীবনে এআইয়ের ব্যবহার।
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং এআই শিল্পকে পাঁচ স্তরের একটি কেকের সঙ্গে তুলনা করেছেন। এর ভিত্তিতে রয়েছে জ্বালানি বা বিদ্যুৎ। এরপর রয়েছে চিপ, অবকাঠামো, এআই মডেল এবং সবশেষে বাস্তব জীবনে এসব প্রযুক্তির প্রয়োগ। অর্থাৎ এআইয়ের প্রতিটি স্তর একে অপরের সঙ্গে যুক্ত।
আর এই পাঁচ স্তরের প্রায় প্রতিটিতেই যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র তাইওয়ান।
বিশ্বের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপের ৯০ শতাংশের বেশি উৎপাদিত হয় তাইওয়ানে। শুধু চিপ নয়, বিশ্ববাজারে ব্যবহৃত এআই সার্ভারের প্রায় ৯০ শতাংশ সংযোজনের সঙ্গেও যুক্ত দেশটির প্রতিষ্ঠানগুলো। ফলে যুক্তরাষ্ট্রের এআই শিল্পের অগ্রযাত্রায় তাইওয়ান এখন অপরিহার্য অংশীদার।
যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, তাইওয়ানের উৎপাদন
একসময় সেমিকন্ডাক্টর শিল্পের প্রায় সব ক্ষেত্রেই আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৫০ থেকে ১৯৭০-এর দশক পর্যন্ত চিপের নকশা তৈরি থেকে শুরু করে উৎপাদন—সবখানেই দেশটির প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দিয়েছে।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চিপ তৈরির প্রযুক্তি জটিল ও ব্যয়বহুল হয়ে ওঠে। ফলে যুক্তরাষ্ট্রের অনেক প্রতিষ্ঠান উৎপাদনের দায়িত্ব পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে শুরু করে। অন্যদিকে, নিজেদের প্রযুক্তি খাতকে শক্তিশালী করতে উদ্যোগ নেয় তাইওয়ান।
১৯৭০-এর দশক থেকে বিশ্বায়ন ও মুক্তবাণিজ্যের প্রসারের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিদেশে চিপ উৎপাদনের সুযোগ খুঁজতে থাকে। এই সুযোগ কাজে লাগায় তাইওয়ান সরকার। প্রযুক্তি গবেষণা ও নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে দেশটি প্রতিষ্ঠা করে ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউট (আইটিআরআই)। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রযুক্তির লাইসেন্স কেনা, গবেষণায় বিনিয়োগ এবং দক্ষ প্রকৌশলী তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গড়ে তোলা হয় হসিনচু সায়েন্স পার্ক।
এরপর ধীরে ধীরে তৈরি হয় শক্তিশালী সেমিকন্ডাক্টর শিল্প। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)-এর মতো প্রতিষ্ঠান বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্ত করে। তাদের পাশাপাশি অসংখ্য ছোট ও মাঝারি প্রতিষ্ঠান চিপ উৎপাদনের বিভিন্ন ধাপে যুক্ত হয়।
এভাবেই তাইওয়ানে গড়ে ওঠে একটি সমন্বিত প্রযুক্তি ও উৎপাদনব্যবস্থা, যেখানে গবেষণা, প্রকৌশল, উৎপাদন এবং সরবরাহব্যবস্থা একে অপরের পরিপূরক হয়ে ওঠে।
এর ফলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো চিপের নকশা ও উদ্ভাবনে আরও বেশি মনোযোগ দেওয়ার সুযোগ পায়। সিলিকন ভ্যালির প্রতিষ্ঠানগুলো যে উন্নত প্রযুক্তির পরিকল্পনা করত, তাইওয়ানের কারখানাগুলো তা বাস্তবে উৎপাদন করতে সক্ষম হতো।
অর্থাৎ তাইওয়ানের উত্থান যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পকে দুর্বল করেনি; বরং মার্কিন প্রযুক্তিগত সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে।
চিপ উৎপাদনে নতুন সমীকরণ
বর্তমানে যুক্তরাষ্ট্র চিপ উৎপাদনে নিজেদের সক্ষমতা বাড়াতে চাইলেও তাইওয়ানের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার বিকল্প তৈরি করা সহজ নয়। উন্নত চিপ উৎপাদনের জন্য প্রয়োজন বিপুল বিনিয়োগ, দক্ষ প্রকৌশলী, বিশেষায়িত যন্ত্রপাতি এবং নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা। এসব ক্ষেত্রে তাইওয়ান এরইমধ্যে অনেক দূর এগিয়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া, অ্যাপল ও কোয়ালকমের মতো কোম্পানিগুলো নিজেদের উদ্ভাবিত চিপ বাজারে আনতেও তাইওয়ানের উৎপাদনব্যবস্থার ওপর নির্ভর করে।
তবে যুক্তরাষ্ট্রের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগকে বাধা হিসেবে দেখছে না তাইওয়ান।
বরং দেশটিতে বিনিয়োগ বাড়াচ্ছে তাইওয়ানের প্রতিষ্ঠানগুলো। টিএসএমসি যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় সেমিকন্ডাক্টর কারখানা স্থাপনে ২৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া তাইওয়ানের আরও ২০টির বেশি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
এই বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ছে। একই সঙ্গে তাইওয়ানের দীর্ঘদিনের অভিজ্ঞতা, প্রকৌশল দক্ষতা ও সরবরাহকারী প্রতিষ্ঠানের নেটওয়ার্কও যুক্তরাষ্ট্রের শিল্প বিকাশে সহায়তা করছে।
বিশ্লেষকদের মতে, চিপের বৈশ্বিক চাহিদা যেভাবে বাড়ছে, তাতে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার সুযোগই বেশি। দুই দেশের স্বার্থ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত।
এআই সার্ভারের শক্তিও তাইওয়ানের হাতে
চিপের পাশাপাশি এআই শিল্পের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো সার্ভার। উন্নত এআই মডেল চালানো, বিপুল তথ্য বিশ্লেষণ এবং ক্লাউডভিত্তিক সেবা পরিচালনার জন্য প্রয়োজন শক্তিশালী সার্ভার ও বিশাল তথ্যপ্রযুক্তি অবকাঠামো। এই জায়গাতেও তাইওয়ানের অবস্থান অত্যন্ত শক্তিশালী।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই প্ল্যাটফর্ম, সফটওয়্যার ও ক্লাউড সেবা তৈরিতে নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে, এসব প্রযুক্তি চালানোর জন্য প্রয়োজনীয় সার্ভার ও হার্ডওয়্যার তৈরি করছে তাইওয়ানের প্রতিষ্ঠানগুলো।
তাইওয়ানের ফক্সকন বিশ্বের এআই সার্ভার বাজারের প্রায় ৪০ শতাংশের সঙ্গে যুক্ত। অন্যদিকে, কোয়ান্টা কম্পিউটার তৈরি করছে উচ্চক্ষমতাসম্পন্ন এআই সার্ভার ও ক্লাউড অবকাঠামো। গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট, অ্যামাজন ও মেটার মতো প্রযুক্তি জায়ান্টের প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অবকাঠামো সরবরাহে এসব প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
যুক্তরাষ্ট্র চাইলে নিজেদের দেশে সার্ভার উৎপাদন বাড়াতে পারে। কিন্তু তাইওয়ানের মতো বিস্তৃত সরবরাহব্যবস্থা, উৎপাদন দক্ষতা এবং প্রকৌশল অভিজ্ঞতা গড়ে তুলতে বহু বছর সময় লাগবে। এআইয়ের চাহিদা যেভাবে বাড়ছে, তাতে শুধু নিজস্ব উৎপাদন দিয়ে সেই চাহিদা পূরণ করাও কঠিন হতে পারে। তাই যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ানের উৎপাদন সক্ষমতা কাজে লাগানো অনেক বেশি বাস্তবসম্মত ও সাশ্রয়ী।
ডিজিটাল প্রযুক্তি থেকে বাস্তব জীবনের লড়াই
এআই প্রতিযোগিতার পরবর্তী ধাপ হবে বাস্তব জীবনে এর প্রয়োগ। এখন আর কেবল কম্পিউটারের পর্দায় সীমাবদ্ধ থাকছে না কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবট, ড্রোন, সামরিক প্রতিরক্ষাব্যবস্থা, গাড়ি, কারখানা, স্বাস্থ্যসেবা ও পরিবহন খাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই প্রযুক্তি।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো এবং চীনের শেনজেন শহরে এরইমধ্যে রোবোট্যাক্সি চলাচল করছে। একই সঙ্গে দুই দেশের প্রতিষ্ঠানগুলো স্বয়ংক্রিয় যানবাহন ও রোবট প্রযুক্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
এই নতুন প্রতিযোগিতায়ও তাইওয়ানের গুরুত্ব বাড়ছে। দেশটির সেমিকন্ডাক্টর, যোগাযোগ সরঞ্জাম ও সূক্ষ্ম যন্ত্রপাতি উৎপাদনশিল্প এআইচালিত বাস্তব প্রযুক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তাইওয়ানের প্রতিষ্ঠান থান্ডার টাইগার এআইনির্ভর প্রতিরক্ষামূলক ড্রোন তৈরির কাজ শুরু করছে। এর মাধ্যমে বোঝা যায়, উন্নত চিপ, ইলেকট্রনিকস ও সূক্ষ্ম প্রকৌশল প্রযুক্তির সমন্বয়ে দেশটি কীভাবে নতুন প্রজন্মের সামরিক ও বেসামরিক প্রযুক্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে। এআই যত বেশি কারখানা, রোবট ও যানবাহনের সঙ্গে যুক্ত হবে, ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে উন্নত হার্ডওয়্যার উৎপাদনে তাইওয়ানের দক্ষতা।
চীনের বিকল্প সরবরাহব্যবস্থা গড়তে গণতান্ত্রিক জোট
যুক্তরাষ্ট্র ও চীনের এআই প্রতিযোগিতা শুধু প্রযুক্তিগত সক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত রয়েছে তথ্যের নিরাপত্তা, প্রযুক্তির নিয়ন্ত্রণ, নৈতিকতা এবং রাষ্ট্রীয় মূল্যবোধের প্রশ্ন। যুক্তরাষ্ট্র ও তার গণতান্ত্রিক মিত্ররা চীনের ওপর নির্ভরতা কমিয়ে একটি নিরাপদ ও নির্ভরযোগ্য প্রযুক্তি সরবরাহব্যবস্থা গড়ে তুলতে চায়। তবে এই লক্ষ্য কোনো একক দেশের পক্ষে অর্জন করা সম্ভব নয়।
এ ক্ষেত্রে বিভিন্ন দেশের রয়েছে আলাদা আলাদা সক্ষমতা। যুক্তরাষ্ট্র এগিয়ে রয়েছে প্রযুক্তি উদ্ভাবন, চিপের নকশা ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে। জাপান বিশেষায়িত পরিশোধন, পুনর্ব্যবহার, গবেষণা এবং নির্ভুল সেমিকন্ডাক্টর উৎপাদন যন্ত্রপাতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নেদারল্যান্ডস সরবরাহ করছে উন্নত চিপ তৈরির জন্য প্রয়োজনীয় লিথোগ্রাফি যন্ত্র। আর তাইওয়ান এগিয়ে রয়েছে ওয়েফার ফ্যাব্রিকেশন, চিপ উৎপাদন ও প্যাকেজিংয়ে। এই দেশগুলোর সম্মিলিত সক্ষমতা কাজে লাগাতে পারলে চীনের ওপর নির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী ও নিরাপদ এআই সরবরাহব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
বিশ্বের সাম্প্রতিক ঘটনাগুলোও এই সহযোগিতার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী সরবরাহব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে দেয়। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বাণিজ্যপথে বিঘ্ন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম বেড়ে যাওয়ার ঘটনাও দেখিয়েছে, আন্তর্জাতিক সংকটে প্রযুক্তি ও শিল্পের সরবরাহব্যবস্থা কতটা ঝুঁকির মুখে পড়তে পারে।
এই বাস্তবতায় ২০২৫ সালে তাইওয়ান একটি বৈশ্বিক সেমিকন্ডাক্টর গণতান্ত্রিক সরবরাহব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ প্রস্তাব করে। এর লক্ষ্য হলো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়িয়ে উন্নত চিপনির্ভর শিল্পের জন্য নির্ভরযোগ্য ও সংকট মোকাবিলায় সক্ষম সরবরাহব্যবস্থা তৈরি করা।
ওয়াশিংটন-তাইপে সহযোগিতার নতুন অধ্যায়
যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের প্রযুক্তিগত সহযোগিতা এরইমধ্যে নতুন মাত্রা পেয়েছে। ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া ইউএস-তাইওয়ান ইকোনমিক প্রসপারিটি পার্টনারশিপ ডায়ালগ দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
এই সংলাপে এআই সরবরাহব্যবস্থার নিরাপত্তা, ডিজিটাল অবকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ, ড্রোন উৎপাদন এবং উচ্চপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির মতো বিষয় গুরুত্ব পেয়েছে।
এর ফলে দুই দেশের সম্পর্ক শুধু বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকছে না; বরং প্রযুক্তি, নিরাপত্তা ও গবেষণার ক্ষেত্রেও বিস্তৃত হচ্ছে।
এআইয়ের নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের ক্ষেত্রেও তাইওয়ানের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। কারণ, একটি এআই মডেল কতটা নিরাপদ, তা শুধু তার সফটওয়্যার বা অ্যালগরিদমের ওপর নির্ভর করে না। যে হার্ডওয়্যারে মডেলটি পরিচালিত হয়, সেটির নিরাপত্তা ও নির্ভরযোগ্যতাও সমান গুরুত্বপূর্ণ।
তাইওয়ানের উৎপাদন দক্ষতা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সাইবার নিরাপত্তা জোরদার, প্রযুক্তি পরীক্ষার মানদণ্ড তৈরি এবং নির্ভরযোগ্য উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে পারে।
এআই যুদ্ধে তাইওয়ান কেন অপরিহার্য
সব মিলিয়ে এআইয়ের ভবিষ্যৎ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হয়ে উঠেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্র যেখানে গবেষণা, উদ্ভাবন, চিপের নকশা ও ডিজিটাল প্ল্যাটফর্মে নেতৃত্ব দিচ্ছে, সেখানে তাইওয়ান সেই উদ্ভাবনকে বাস্তব পণ্যে রূপ দেওয়ার উৎপাদন সক্ষমতা জোগাচ্ছে। এই অংশীদারত্ব কোনো এক পক্ষের একক সাফল্যের গল্প নয়। বরং কয়েক দশকের পারস্পরিক সহযোগিতা, দক্ষতার ভাগাভাগি এবং আস্থার ভিত্তিতে গড়ে ওঠা একটি প্রযুক্তিগত সম্পর্ক।
চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র যদি এআইয়ের প্রতিটি স্তরে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়, তাহলে তাইওয়ানকে পাশে রাখা ছাড়া বিকল্প খুবই সীমিত। কারণ, শুধু উন্নত প্রযুক্তি আবিষ্কার করাই যথেষ্ট নয়; সেই প্রযুক্তি বিপুল পরিসরে উৎপাদন, সরবরাহ ও বাস্তব জীবনে প্রয়োগ করার সক্ষমতাও থাকতে হবে।
সেই জায়গাতেই যুক্তরাষ্ট্রের জন্য তাইওয়ান একটি শক্তি গুণক। এআইয়ের বৈশ্বিক প্রতিযোগিতায় ওয়াশিংটনের উদ্ভাবনী শক্তি আর তাইপের উৎপাদন দক্ষতা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।
ভবিষ্যতের ডিজিটাল বিশ্বে কে নেতৃত্ব দেবে, তার উত্তর হয়তো নির্ধারিত হবে এই সহযোগিতার গভীরতা ও কার্যকারিতার ওপরই।
ফরেন অ্যাফেয়ার্স অবলম্বনে



