পুতিন-ট্রাম্প-শি বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মস্কো

ছবি: রয়টার্স
রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্টদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, নভেম্বরে চীনে অনুষ্ঠেয় এপেক সম্মেলনের ফাঁকে ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক হতে পারে। তবে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগে বৈঠকের আলোচ্যসূচি ও প্রত্যাশিত ফলাফল নিয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি বলে জানিয়েছেন তিনি।
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রিয়াবকভ বলেছেন, বৈঠকের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করার আগে এর আলোচ্যসূচি কী হবে, তা বোঝা জরুরি।
তিনি বললেন, ‘এখানে মূল প্রশ্ন হলো, বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে এবং এর ফলাফল হিসেবে আমরা কী আশা করতে পারি, তা কীভাবে নির্ধারণ করা হবে।’
চলতি মাসের শুরুতে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ চীনের শেনঝেনে নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের এমন একটি বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
এদিকে, মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শনিবার বৈঠকের পর ইউক্রেন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার জন্য মার্কিন দুই বিশেষ দূত এই সফর করছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ সমাপ্তি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার পর দুই মার্কিন দূত ইউক্রেনেও ‘সমানভাবে ফলপ্রসূ বৈঠকের’ আশা করছেন। রবিবার তাদের কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে।
হোয়াইট হাউসের দাবি, শনিবার পুতিনের সঙ্গে ‘পরবর্তী পদক্ষেপের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আলোচনা’ হয়েছে। তবে কী পরিকল্পনা হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়।
এটিই ইউক্রেনের রাজধানীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের প্রথম সফর। বৈঠক ঘিরে রাশিয়া ও ইউক্রেনের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে দেশ দুটি।






