পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের পথে মার্কিন প্রতিনিধিরা

ছবি: রয়টার্স
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ইউক্রেন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার জন্য মার্কিন দুই বিশেষ দূত এই সফর করছেন। খবর বিবিসির।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধ সমাপ্তি নিয়ে পুতিনের সঙ্গে আলোচনার পর দুই মার্কিন দূত ইউক্রেনেও ‘সমানভাবে ফলপ্রসূ বৈঠকের’ আশা করছেন। রবিবার তাদের কিয়েভে পৌঁছানোর কথা রয়েছে।
হোয়াইট হাউসের দাবি, শনিবার পুতিনের সঙ্গে ‘পরবর্তী পদক্ষেপের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আলোচনা’ হয়েছে। তবে কী পরিকল্পনা হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়।
এটিই ইউক্রেনের রাজধানীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের প্রথম সফর। বৈঠক ঘিরে রাশিয়া ও ইউক্রেনের রাজধানীতে হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে দেশ দুটি।
কুশনার ও উইটকফ যখন পুতিনের সঙ্গে আলোচনা করছেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনিও একটি ‘বাস্তবসম্মত আলোচনার’ জন্য প্রস্তুত।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার মস্কোতে তিন ঘণ্টা ধরে চলে আলোচনা। পুতিনের সরকারি বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিরাই ইতিবাচক মন্তব্য করেছেন।
পুতিনের উপদেষ্টা ইউরি উশাকভ শনিবারের আলোচনাকে ‘গঠনমূলক ও অত্যন্ত খোলামেলা’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ‘আলোচনা শুধু ইউক্রেন সংকট সমাধানের বিষয়ে মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না। অর্থনৈতিক বিষয় এবং পারস্পরিকভাবে লাভজনক বড় রুশ-আমেরিকান প্রকল্পের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে রুশ সেনাবাহিনীর দৃশ্যমান অগ্রগতির বিষয়টি আলোচনায় উঠে এসেছে’ এবং সংঘাতের ‘মূল কারণগুলো’ নিয়েও আলোচনা করা প্রয়োজন বলে উভয় পক্ষ স্বীকার করেছে।






