জাতিসংঘে বালেনের ‘সিগনেচার লুক’, কালো সানগ্লাসের রহস্য কী?

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের চোখে ছিল তার পরিচিত কালো সানগ্লাস। কালো স্যুট ও ঐতিহ্যবাহী নেপালি টুপির সঙ্গে সানগ্লাস পরে দেওয়া তার এই ভাষণ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলাদা করে আলোচনায় এসেছে।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেন শাহ। সেখানে তিনি নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচারের বিষয় তুলে ধরেন। তবে তার বক্তব্যের পাশাপাশি তার পরিচিত কালো চশমা নিয়েও প্রতিবেদন প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস ও ভারতের এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সানগ্লাস বালেন শাহের জনপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সংসদ অধিবেশন, সরকারি অনুষ্ঠান, সামরিক কুচকাওয়াজ এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে ছবি তোলার সময়ও তাকে প্রায়ই সানগ্লাস পরে দেখা যায়। তবে মন্ত্রিসভার বৈঠক, ব্যক্তিগত আলোচনা ও কিছু যৌথ বৈঠকে তিনি সাধারণত চশমা খুলে রাখেন।
বালেন শাহ কেন নিয়মিত কালো সানগ্লাস পরেন—এ বিষয়ে তার কার্যালয় আগে জানিয়েছিল, চিকিৎসকের পরামর্শেই তিনি উজ্জ্বল আলো থেকে চোখ সুরক্ষার জন্য এটি ব্যবহার করেন। আগস্টে নেপালের সংসদে তার সানগ্লাস পরা নিয়ে আলোচনা তৈরি হলেও পরে চিকিৎসকের পরামর্শের বিষয়টি সামনে আসে।
তবে জাতিসংঘের ভাষণে শাহের মূল বার্তা ছিল জলবায়ু পরিবর্তন। তিনি নেপালের সাম্প্রতিক বন্যাকে ‘বিশ্বের জন্য সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য নেপালের দায় খুবই সামান্য হলেও দেশটি এর ভয়াবহ মূল্য দিচ্ছে।



