মিয়ানমারের বিষয়ে অবস্থান শিথিল করছে না আসিয়ান

আসিয়ানের বিশেষ দূত লাজারো। ছবি: রয়টার্স
পাঁচ দফা ঐকমত্যের ক্ষেত্রে মিয়ানমার বিষয়ে আসিয়ান তার অবস্থান শিথিল করছে না। তবে উচ্চপর্যায়ের বৈঠকে দেশটির অংশগ্রহণ সংক্রান্ত প্রস্তাবগুলো এখনো আলোচনার পর্যায়ে রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছেন জোটটির মিয়ানমারবিষয়ক বিশেষ দূত এবং ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা. থেরেসা লাজারো।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সংকট মোকাবিলায় আসিয়ানের প্রধান কাঠামো হলো এই পাঁচ দফা ঐকমত্য। অন্যান্য বিষয়ের পাশাপাশি এতে অবিলম্বে সহিংসতা বন্ধ করা ও সব পক্ষের মধ্যে গঠনমূলক সংলাপ শুরুর আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আসিয়ানের মধ্যস্থতা ও মানবিক সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে।
আগামীকাল রবিবার ম্যানিলায় শুরু হতে যাচ্ছে আসিয়ান নেতাদের শীর্ষ সম্মেলন। এটি সামনে রেখে উচ্চপর্যায়ের বৈঠকে মিয়ানমারের জান্তা সমর্থিত নেতাদের অংশগ্রহণের ওপর থাকা পাঁচ বছরের নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জোটটির ওপর চাপ বাড়ছে। চলমান গৃহযুদ্ধ সত্ত্বেও থাইল্যান্ড এবং আরও বেশ কয়েকটি সদস্য দেশ মিয়ানমারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে।
আসিয়ানের বিশেষ দূত থেরেসা লাজারো জানান, পাঁচ দফা ঐকমত্যের একটি খসড়া পর্যালোচনা নিয়ে এখনো আলোচনা চলছে। এ বিষয়ে আসিয়ান নেতাদের কাছে বেশ কিছু প্রস্তাব পেশ করা হবে।
পর্যালোচনার ফলে মিয়ানমারের রাজনৈতিক নেতাদের ওপর থাকা বিধিনিষেধে কোনো পরিবর্তন আসতে পারে কি না, এমন প্রশ্নে লাজারো উল্লেখ করেন, ‘সরাসরি উত্তর দিতে গেলে বলতে হয়, (মিয়ানমারের বিষয়ে অবস্থানে) কোনো শিথিলতা নেই। পাঁচ দফা ঐকমত্য এখনো বহাল রয়েছে।’
আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে অংশগ্রহণের অনুমতি দেওয়ার বিষয়ে থাইল্যান্ডের আহ্বানের প্রসঙ্গে লাজারো জানান, বিষয়টি এখনো আলোচনায় রয়েছে। তবে মিয়ানমারের আসনটি নেওয়ার জন্য মন্ত্রীকে অনুমতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
তিনি মন্তব্য করেন, ‘বিষয়টি এখনো আলোচনার টেবিলে আছে। এটি এখনো আলোচনার বিষয়বস্তু।’
১৫ থেকে ১৭ নভেম্বর ম্যানিলায় বৈঠকে বসলে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের (আসিয়ান) নেতারা মিয়ানমারকে বাদ রাখার বিষয়ে তাদের সিদ্ধান্ত পর্যালোচনা করবেন।
তথ্যসূত্র: রয়টার্স



