জাপানে ৭.১ ভূমিকম্পের পর শপিং সেন্টারে বিস্ফোরণ, আটকা বহু মানুষ

এইওন মল কুমামোতোর দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়েছে- রয়টার্স
জাপানের কুমামোতো প্রদেশের কাশিমা শহরের একটি বড় শপিং সেন্টারে মঙ্গলবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ ভবনের ভেতরে আটকা পড়েছেন এবং অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, স্থানীয় দমকল বিভাগের প্রাথমিক তথ্য অনুযায়ী, এইওন মল কুমামোতোর দ্বিতীয় তলার একটি অংশ ধসে পড়েছে। সেখানে বহু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি যাচাই এবং উদ্ধার অভিযান চালাতে কাজ করছেন দমকলকর্মীরা।
সংস্থাটি আরও জানিয়েছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতের সংখ্যা এবং তাদের আঘাতের মাত্রা সম্পর্কে এখনো বিস্তারিত জানানো হয়নি।
পুলিশ ও দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তারা একাধিক জরুরি ফোনকল পায়। কলদাতারা বিস্ফোরণের মতো বিকট শব্দ এবং এইওন মল কুমামোতা থেকে সাদা ধোঁয়া উঠতে দেখার কথা জানান।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এনএইচকের হেলিকপ্টার থেকে ধারণ করা আকাশপথের ভিডিওতে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনের বাইরের দেয়ালের বড় অংশ ভেঙে পড়ে ইস্পাতের কাঠামো উন্মুক্ত হয়ে গেছে। ছাদের একটি অংশও ধসে পড়েছে বলে মনে হচ্ছে। ছাদের ওপর বড় একটি গর্তও দেখা গেছে।
এর আগে মঙ্গলবারই কুমামোতো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, কাশিমা শহরে জাপানের ভূমিকম্পের তীব্রতা নির্ণয় স্কেলে অন্তত ‘লোয়ার ৫’ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট মাত্রা এখনো নিশ্চিত করা হয়নি।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।




