পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে ‘সংযম দেখিয়েছেন’ পুতিন: ট্রাম্পের জামাতা

পুতিনের সঙ্গে করমর্দন করছেন কুশনার— রয়টার্স
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সংযম দেখিয়েছেন’। এমনটাই মন্তব্য করেছেন হোয়াইট হাউজের দূত জ্যারেড কুশনার। রুশ নেতাকে ‘রাজনীতির এক মহান ব্যক্তিত্ব’ বলেও বর্ণনা করেছেন তিনি।
অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ড্যোফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে বিস্তৃত এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার বলেন, তিনি নিশ্চিত যে পুতিন শান্তি চান।
কুশনার বললেন, ‘আমার মূল্যায়ন হলো, তিনি শুধু শান্তিই চান না; তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বদলানোর চেষ্টা করতে চান এবং নতুন করে শুরু করার কোনো পথ আছে কি না, তা দেখতে চান।’
তার ভাষ্য, ‘এখন পর্যন্ত পুতিন সংযম দেখিয়েছেন। তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে সম্মত হয়েছেন। বিষয়টি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, এমন কোনো উদ্দেশ্য তার নেই।’
কুশনার ও যুক্তরাষ্ট্রের আরেক আলোচক স্টিভ উইটকফ পুতিনের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন। সর্বশেষ এ মাসেই ক্রেমলিনে তাদের বৈঠক হয়।
কুশনার বললেন, ‘তিনি নিঃসন্দেহে রাজনীতির এক মহান ব্যক্তিত্ব, ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। আমরা কথা বলার সময় তিনি অনেক নোট নেন এবং খুব নির্দিষ্টভাবে নিজের বক্তব্য তুলে ধরেন। তবে বিষয়গুলো সম্পর্কে তার গভীর উপলব্ধি রয়েছে, তা স্পষ্ট।’
রাশিয়াকে ছাড় দিতে ইউক্রেনের ওপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করেছে— এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন কুশনার।
ইউক্রেন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের চালান দিতে দেরি করেছে এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানেও বিঘ্ন ঘটেছে।
ভূখণ্ডের নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা প্রসঙ্গে কুশনার বললেন, ‘এটি ন্যায্যতা বা কে ঠিক, কে ভুল— সেই প্রশ্ন নয়।’
তার মতে, ‘ইউরোপের সীমান্তরেখা সময়ের সঙ্গে বদলেছে। আমার বিশ্বাস, মানুষ যখন দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও শান্তির পথ দেখতে পাবে, তখন সীমান্তরেখা কোথায় টানা হবে, সে বিষয়ে তারা কিছুটা বেশি নমনীয় হবে।’
চলতি মাসের শুরুতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ন্যাটোর সদস্যপদ দেওয়ার বিনিময়ে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে ইউক্রেনের অবশিষ্ট সেনা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন মার্কিন আলোচকরা।
কুশনার ও উইটকফের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বললেন, ‘আমেরিকানরা একটি প্রশ্ন তুলেছিল— “ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে?” প্রথমবারের মতো বিষয়টি তোলা হলো।’২০২২ সালে কোনো উসকানি ছাড়াই পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করা রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার ধারণার বিরোধিতা করে আসছে ইউক্রেন।
জেলেনস্কি বলেন, তিনি যদি একটি ‘সামগ্রিক নিরাপত্তা প্যাকেজ’ পান— যার মধ্যে থাকবে শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনী এবং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিশ্চয়তা, তাহলে তিনি প্রস্তাবটি জনগণের কাছে উপস্থাপন করবেন।
এই সম্ভাবনার ইঙ্গিত দিয়ে কুশনার ড্যোফনারকে বললেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া ভবিষ্যতে ইউক্রেন নিরাপদ থাকবে না… নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থে কি না, তা প্রেসিডেন্ট ট্রাম্পকে নির্ধারণ করতে হবে।’
জেলেনস্কি এর আগে বলেছেন, দনবাস দখলের পর রাশিয়া থেমে থাকবে না; তারা আরও হামলার পরিকল্পনা করবে। দনবাসের দুটি অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১০ শতাংশ।
আলোচনা প্রসঙ্গে কুশনার বললেন, ‘ইশ, যদি দ্রুত সমাধানের কোনো পথ থাকত… অনেক বিষয়ে আমরা একমত। আমরা সবাই দীর্ঘমেয়াদি শান্তি চাই। যুদ্ধ-পরবর্তী সম্পর্ক কেমন হবে, তা নির্ধারণ করতে পারলে ভূখণ্ডের প্রশ্নটির সমাধান অনেক সহজ হবে বলে আমার মনে হয়। কারণ, এই মুহূর্তে শেষ সমস্যাটির সমাধানে কোনো পথ নেই।’
সমঝোতা না হলে সংঘাত আরও বাড়ার বাস্তব ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেন কুশনার।
তিনি সতর্ক করেন, ‘ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র দিচ্ছে। সামান্য ভুল হিসাবই এই সংঘাতকে ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে।’
কুশনার বলেন, চূড়ান্ত লক্ষ্য হলো, ‘যদি এই যুদ্ধ এমনভাবে শেষ করা যায়, যাতে ইউক্রেন সার্বভৌম, নিরাপদ, সমৃদ্ধ ও স্বাধীন থাকে, তাহলে তারা ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে পারবে। তাদের যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক পরিকল্পনা থাকবে। বিশ্বাসযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা থাকবে। শক্তিশালী প্রতিরোধক্ষমতা থাকবে। এটি ইউক্রেন ও ইউরোপের জন্য বিশাল বিজয়।’
সূত্র: সিএনএন





