গাজায় গণহত্যার কারণে ইসরায়েল ‘একঘরে’ হওয়ার পথে: ট্রাম্পের জামাতা

ট্রাম্পের সঙ্গে তার জামাতা কুশনার— রয়টার্স
গাজা উপত্যকায় গণহত্যার কারণে ইসরায়েল ‘বিশ্ব জুড়ে একঘরে’ হয়ে পড়ার পথে। সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনারের।
নিউ ইয়র্ক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে কুশনার বলেছেন, ‘৭ অক্টোবরের ট্র্যাজেডি থেকে ইসরায়েল ঘুরে দাঁড়িয়ে আরও নিরাপদ হতে পারে এবং বিশ্বের সঙ্গে আরও গভীরভাবে একীভূত হতে পারে। অথবা তারা বর্তমান পথেই চলতে পারে, যে পথে দেশটি বিশ্ব জুড়ে একঘরে হয়ে পড়বে।’
ইসরায়েলের পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নেওয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন আঞ্চলিক নিরাপত্তাকাঠামোর কেন্দ্রে দেশটিকে রাখার প্রচেষ্টার কথা বিবেচনায় নিলে কুশনারের এ মন্তব্য তাৎপর্যপূর্ণ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কুশনারের দীর্ঘদিনের পারিবারিক বন্ধুত্ব রয়েছে। গাজার পুনর্গঠন তদারকির জন্য বিতর্কিত ‘বোর্ড অব পিস’ও গঠন করেছিলেন তিনি।
কুশনার কী কারণে এ মন্তব্য করেছেন, তা স্পষ্ট নয়। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের কারিগর হওয়ার তার উদ্যোগ সফল হয়নি। ইসরায়েল অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে যাচ্ছে এবং বহুল প্রচারিত পুনর্গঠন প্রকল্পগুলোও থমকে আছে।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-নেতৃত্বাধীন হামলার পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অংশ হিসেবে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায়। ওই হামলা হয়েছিল দক্ষিণ ইসরায়েলে।
এ অভিযানে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে কুশনারের মধ্যস্থতায় ঘোষিত ‘যুদ্ধবিরতি’র পর থেকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১ হাজার ৬৭৯ জন।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, গাজা পুনর্গঠনে ৭ হাজার কোটি ডলার ব্যয় হবে। তবে উপত্যকা জুড়ে ৬৬টি প্রকল্প নিয়ে ২৪৫ কোটি ডলারের একটি ছোট পুনর্গঠন প্রকল্পও শুরু করতে হিমশিম খাচ্ছেন কুশনার। সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক উপস্থাপনায় তিনি এর জন্য ‘বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের বিলম্বকে’ দায়ী করেন।
কুশনার মূলত এমন একটি পরিকল্পনা করেছিলেন, যেখানে উপসাগরীয় দেশগুলোর অর্থায়ন, রাষ্ট্রীয় উপদেষ্টা, কিছু ফিলিস্তিনি কারিগরি বিশেষজ্ঞ এবং বাইরের একটি নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে ‘বোর্ড অব পিস’ গাজা পরিচালনা করবে।
তবে উপসাগরীয় দেশগুলো অর্থায়ন আটকে রেখেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে এখন তারা অর্থনৈতিক সংকোচনেরও মুখে পড়েছে।
মিডল ইস্ট আই মে মাসে প্রকাশ করেছিল, যুদ্ধ-পরবর্তী গাজা পরিকল্পনার তদারকিতে থাকা যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা আরিয়ে লাইটস্টোন বসন্তে অর্থায়নের জন্য তদবির করতে সৌদি আরব গিয়েছিলেন। তবে খালি হাতেই ফিরেছিলেন তিনি।
বহুল আলোচিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী এখনো গাজায় প্রবেশ করেনি। দৈনন্দিন কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকার কথা যেসব ফিলিস্তিনি কারিগরি বিশেষজ্ঞের, তারাও এখনো কায়রোতে রয়েছেন।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস’কে দেওয়া ১৭০০ কোটি ডলারের প্রতিশ্রুত অর্থের ‘২ শতাংশেরও কম’ বাস্তবে পাওয়া গেছে।
বোর্ডটির মরিয়া অবস্থার ইঙ্গিত হিসেবে জ্যেষ্ঠ দূত নিকোলাই ম্লাদেনভ সোমবার মস্কো সফর করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে রাশিয়া অবদান রাখতে পারে।
সূত্র: মিডলইস্ট আই




