পাকিস্তান ছাড়লেন ভ্যান্স, হলো না চুক্তি, কিন্তু কেন?

সংগৃহীত ছবি
দীর্ঘ ২১ ঘণ্টার ম্যারাথন আলোচনার পরও কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান। কোনো সমঝোতা ছাড়াই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল ত্যাগ করেছে পাকিস্তান।
ভ্যান্স জানিয়েছেন, ইরানের একগুঁয়েমি এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার মতো শর্তগুলো মেনে না নেওয়ায় ব্যর্থ হয়েছে এই আলোচনা।
রবিবার ইসলামাবাদে আলোচনার সমাপ্তি ঘোষণা করে ভ্যান্স বলেছেন, ‘দুঃসংবাদ হলো আমরা পৌঁছাতে পারিনি কোনো চুক্তিতে। আমি মনে করি, এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি ক্ষতিকর হবে ইরানের জন্য।’
‘আমরা স্পষ্ট করেছি আমাদের রেড লাইন বা সীমারেখা। কোনো চুক্তি ছাড়াই ফিরে যাচ্ছি দেশে’, যোগ করেন ভ্যান্স।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও জানান, আলোচনার পুরোটা সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন অন্তত ৬ বার।
আলোচনা শেষে ইরানের পক্ষ থেকে জানানো হয়, শেষ হয়েছে বৈঠক।
ইরানের দাবি, কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও চলবে আলোচনা।
তবে পরবর্তী সময়ে বৈঠক কবে হবে, সে বিষয়ে কোনো পক্ষই কিছু জানায়নি।
ইসলামাবাদে অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি সাক্ষাৎ। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল সর্বোচ্চ পর্যায়ের কোনো আলোচনা।
এর আগে, গতকাল শনিবার সন্ধ্যায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে শুরু হয় এই আলোচনা।
মধ্যস্থতাকারীরা এই আলোচনায় ইতিবাচক থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে না কোনো আশার আলো।
সূত্র: দ্য গার্ডিয়ান

