ব্রাজিলে রানঅফ ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/ রয়টার্স
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফায় ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারোর এগিয়ে থাকাকে ‘চিত্তাকর্ষক বিজয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি মনে করেন, ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার রানঅফ বা চূড়ান্ত ভোটে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
স্থানীয় সময় সোমবার নেব্রাস্কা রাজ্যে একটি কর্মসূচিতে যাওয়ার আগে হোয়াইট হাউজের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
জাইর বলসোনারোর ছেলে এবং সিনেটর ফ্লাভিও বলসোনারোর ফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ট্রাম্প বলেছেন, ‘এটা একটি দারুণ জয়। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, তবে ফলটি বেশ চিত্তাকর্ষক।’
তবে নির্বাচনের আগে ফ্লাভিওকে সরাসরি সমর্থন করার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে— এমনটাই অনেকের প্রত্যাশা ছিল।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ব্রাজিলের ভোট গণনার গতির প্রশংসা করেন। তিনি বলেন, ১২ কোটির বেশি মানুষ ভোট দেওয়ার পরও নির্বাচনের দিনই ফল ঘোষণা করা হয়েছে।
একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট, ফিলাডেলফিয়া ও ক্যালিফোর্নিয়ার মতো ডেমোক্র্যাট-শাসিত এলাকায় ভোট গণনায় দীর্ঘ সময় লাগার সমালোচনা করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কে চাপ তৈরি করতেই ট্রাম্প এ তুলনা করেছেন।
ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্টের তথ্য অনুযায়ী, প্রথম দফার ভোটে ফ্লাভিও বলসোনারো বৈধ ভোটের ৪৭ দশমিক ০৩ শতাংশ পেয়েছেন। ভোটের সংখ্যা ৫ কোটি ৬১ লাখের বেশি।
বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫ কোটি ৩৮ লাখের বেশি।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে। সেখানে মুখোমুখি হবেন ফ্লাভিও বলসোনারো ও লুলা।
ফ্লাভিও জয়ী হলে ৪৫ বছর বয়সে তিনি ২০২৭ সালের ৫ জানুয়ারি ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন। আর লুলা জয়ী হলে ৮১ বছর বয়সে চতুর্থবারের মতো দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে নতুন ইতিহাস গড়বেন।
ব্রাজিলের গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর মতে, আগামী তিন সপ্তাহে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রচারণা ও প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।




