কোহলির শেষের শুরু

গ্রাফিকস: আগামীর সময়
কখন ছাড়ছ কিংবা কেন ছাড়ছ? ক্যারিয়ারের শেষলগ্নে স্বাভাবিক দুটি প্রশ্ন। বিরাট কোহলিও ছন্দে থাকতে ছেড়ে দিয়েছেন টেস্ট আর টি-টোয়েন্টি। ভারতের জার্সিতে কিংবদন্তি কোহলি খেলেন শুধু ওয়ানডে। এবার জানিয়ে দিলেন আগামী বছরই শেষবার তিনি খেলবেন ওয়ানডে বিশ্বকাপ। আর বিদায়ী বিশ্বকাপে ট্রফি জয়ের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিতে চাইলেন তিনি।
‘জিওস্টার’কে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বললেন, ‘আমার জন্য ভারতের হয়ে খেলা এটিই শেষ বিশ্বকাপ। অবশ্যই আমাদের লক্ষ্য বিশ্বকাপ জেতা, এজন্য যা করা প্রয়োজন, আমি করতে পুরোপুরি তৈরি।’
২০১১ ওয়ানডে বিশ্বকাপের আগেই তারকা হয়ে উঠেছিলেন কোহলি। সেই বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে উদ্বোধনী ম্যাচেই করেছিলেন সেঞ্চুরি। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে শিরোপা জয়ের পর খেলেছেন আরও তিনটি ওয়ানডে বিশ্বকাপ। সর্বশেষ বিশ্বকাপে সর্বোচ্চ ৭৬৫ রানও করেছিলেন তিনি, যা ছিল আবার বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের কীর্তি। ২০২৭ সালের বিশ্বকাপ তিনি খেলবেন দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার মাটিতে।
দেশের বাইরে ৫০ ওভারের বিশ্বকাপের চ্যালেঞ্জ ও শারীরিক-মানসিক চাপের কথা জানিয়ে কোহলি বললেন, ‘একটি ৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যেকোনো কিছুর চেয়ে অনেক বেশি। টি-টোয়েন্টি পর্যায়ের তীব্রতায় অন্তত ১০টি ম্যাচ খেলতে হয় এখানে। আপনি মূলত এক দিনেই আড়াইটি টি-টোয়েন্টি ম্যাচের সমান খেলছেন। আর এত বড় টুর্নামেন্টে টানা ১০টি ম্যাচে সেই একই তীব্রতা ধরে রাখা সহজ নয়। তা ছাড়া এবার খেলা হবে বিদেশের মাটিতে, যা স্বাভাবিকভাবেই শরীর ও মনের ওপর অনেক বড় প্রভাব ফেলে।’
২০২৭ বিশ্বকাপ জয়ের প্রস্তুতিটা অবশ্য আজই শুরু হচ্ছে ভারতের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারত।



