বাংলাদেশকে কৃতিত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া

সংগৃহীত ছবি
ডারউইনে অবিশ্বাস্য দুটি দিন পার করেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে ১৫৩ রানের লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ এখন তামিম-শান্তদের হাতে। ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশকেই পুরো কৃতিত্ব দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বেউ ওয়েবস্টার।
দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে ওয়েবস্টার বলেছেন, ‘অবশ্যই বাংলাদেশকে পুরো কৃতিত্ব দিতে হবে। সকালে দুর্দান্ত ব্যাট করেছে তারা। বিকালের দিকেও ভালো করেছে। স্পিন সামলেছে ভালো। মাঝেমধ্যে আগ্রাসী ব্যাটিং চালিয়েছে। চাপ সামলে ভালো খেলেছে। তাদের তাই পুরো কৃতিত্ব দিচ্ছি।’
বাকি তিন দিনেও লড়ে যাওয়ার আশাবাদ ওয়েবস্টারের, ‘আসলে টেস্ট ক্রিকেট এরকমই হয়। এই গ্রাউন্ড কিছুটা ওল্ড ফ্যাশনড। তবে বাকি তিন দিনে আমরা লড়াই চালিয়ে যাব।’
দুর্দান্ত এক সেঞ্চুরি পাওয়া তানজিদ তামিমকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, মার্ক ওয়াহর মতো কিংবদন্তিরাও।
এদিকে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের উত্তপ্ত এক মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বাংলাদেশি ব্যাটার মেহেদী হাসান মিরাজের ওপর মেজাজ হারান অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।
ঘটনাটি ঘটে বাংলাদেশের ইনিংসের সময়। স্টার্কের করা বল অফ সাইডে ঠেলে দ্রুত সিঙ্গেল নেওয়ার চেষ্টা করেন মিরাজ। একই সময় স্টার্কও ফলো-থ্রুতে প্রায় একই লাইনে চলে আসায় তাকে এড়িয়ে যেতে গিয়ে মিরাজ পিচের মাঝ বরাবর দৌড়ে যান।
নিজের অবস্থান ব্যাখ্যা করতে মিরাজ আম্পায়ারকে বলেন, ‘ও (স্টার্ক) তো আমার পথের মধ্যে আছে।’
মিরাজের এ কথাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্টার্ক। অস্ট্রেলিয়ান পেসার জবাব দেন, ‘এটা আমার ফলো-থ্রু, তোমার নয়। উইকেট থেকে সরে যাও।’ জবাবে মিরাজ বললেন, বল দেখার কারণে তিনি সামনে কিছু দেখতে পাননি। নিজের জায়গায় ফেরার পথে স্টার্ককে আরও বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’






