বিএসপিএ ও স্পোর্টসওয়্যার ব্র্যান্ড 'হুংকার' এর সমঝোতা চুক্তি

সংগৃহীত ছবি
দেশের ক্রীড়া সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) এবং দেশীয় স্পোর্টসওয়্যার ব্র্যান্ড 'হুংকার'-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ ৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে অবস্থিত বিএসপিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
এই চুক্তির আওতায় আগামী দুই বছরের জন্য বিএসপিএ-এর 'কিট স্পন্সর' হিসেবে যুক্ত হলো দেশীয় স্পোর্টস ব্র্যান্ড হুংকার। এছাড়া চুক্তির শর্ত অনুযায়ী, বিএসপিএ-এর সকল সদস্য হুংকার থেকে যেকোনো কেনাকাটায় বিশেষ ছাড় (ডিসকাউন্ট) সুবিধা উপভোগ করবেন।
বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হুংকার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শের এ মোহাম্মদ তাবিব এবং বিএসপিএ-এর সাধারণ সম্পাদক সুদীপ্ত আহমদ আনন্দ।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বিএসপিএ-এর যুগ্ম সম্পাদক সাজিদ মুস্তাহিদ, সাংগঠনিক সম্পাদক এ কে এম ফয়জুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশীয় স্পোর্টস ব্র্যান্ড হুঙ্কারের সকল পণ্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট (www.hunkar.football)-এ পাওয়া যাচ্ছে। এছাড়া দেশজুড়ে 'দুরন্ত স্পোর্টস'-এর সকল আউটলেটেও হুংকারের সকল প্রোডাক্ট সুলভ মূল্যে পাওয়া যাবে।



