বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াডে সেরা ব্র্যাক ইউনিভার্সিটির নাভিদ

সংগৃহীত ছবি
জ্ঞান, ইতিহাস, পরিসংখ্যান, বিশ্লেষণ ও কৌশলকে কেন্দ্র করে আয়োজিত দেশের প্রথম জ্ঞানভিত্তিক ‘বাংলাদেশ স্পোর্টস অলিম্পিয়াড’-এ চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির নাভিদ রহমান। রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল ক্যাম্পাসে পাওয়ারপ্লে কমিউনিকেশন্সের আয়োজনে অনুষ্ঠিত জমজমাট ফাইনাল পর্বে অংশ নিয়েছিলেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা সেরা ১১ জন প্রতিযোগী।
এই প্রতিযোগিতার প্রথম আসরের গ্র্যান্ড ফাইনালে সাধারণ লিখিত কুইজের বাইরে ছিল সরাসরি কুইজ, খেলাধুলার বিভিন্ন চ্যালেঞ্জ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পরীক্ষা এবং বিশ্লেষণধর্মী বিভিন্ন রাউন্ড। পুরো আয়োজনজুড়ে প্রতিযোগীদের ক্রীড়া-জ্ঞান, স্মৃতিশক্তি, বিশ্লেষণী দক্ষতা, উপস্থিত বুদ্ধি এবং দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাচাই করা হয়।
গ্র্যান্ড ফাইনালে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং এএফসি প্রো বক্সিং চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা। এছাড়াও উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিনসহ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ব্র্যাক ইউনিভার্সিটি, বুয়েট, আইইউবি, আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুটেক্স , ইউনিভার্সিটি অব স্কলার্স, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, বিইউএফটি , সাউথইস্ট ইউনিভার্সিটি, আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডুয়েট- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ক্যাম্পাস রাউন্ড শেষে ১৫১ জন শিক্ষার্থীকে নিয়ে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সেখান থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে সেরা একজন করে মোট ১১ জন প্রতিযোগী গ্র্যান্ড ফাইনালে সুযোগ পান। গ্র্যান্ড ফাইনালে সেরা ৫-এ জায়গা করে নেয় ব্র্যাক ইউনিভার্সিটি, বুয়েট, আইইউবি, ইউনিভার্সিটি অব স্কলার্স এবং আইবিএ-ঢাকা বিশ্ববিদ্যালয়।
গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন হন ব্র্যাক ইউনিভার্সিটির নাভিদ রহমান। চ্যাম্পিয়নের জন্য পুরস্কার হিসেবে ছিল ১ লাখ টাকা, প্রথম রানার-আপের জন্য ৫০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপের জন্য ৩০ হাজার টাকা। পাশাপাশি বিজয়ীদের জন্য ছিল সনদপত্র ও বিশেষ উপহার।



