এশিয়ান গেমস
হিটে চতুর্থ হয়েও সেমিফাইনালে ইমরানুর

ছবি: আগামীর সময়
তার ক্যারিয়ার সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। এই মৌসুমে দৌড়েছিলেন সর্বোচ্চ ১০.২৬ সেকেন্ডে। দুই সেরার কোনোটাকেই পেছনে ফেলা দূরে থাকা ছুঁতেও পারলেন না। তাই হিট থেকে বাদ পড়ার একটা শঙ্কা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান পঞ্চম হিটে ১০.৪৯ সেকেন্ডে দৌড়ে চতুর্থ হলেও সেরা ২৪-এর মধ্যে থাকায় সেমিফাইনালে পৌঁছে গেছেন। যদিও মাস দেড়েক আগে গ্লাসগো কমনওয়েলথ গেমসে ১০.৩৯ সেকেন্ডে দৌড়েও সেমিফাইনালে যেতে পারেননি তিনি।
এমনিতে প্রতি হিট থেকে সেরা তিনজন সেমিফাইনালে সুযোগ পেয়েছেন। ছয় হিট থেকে ১৮ জনের সঙ্গে আরও ছয়জনকে বেছে নেওয়া হয় টাইমিংয়ের হিসেবে। টাইমিংয়ের হিসাবে ৩৮ জনের মধ্যে ইমরানুর হয়েছেন ২২তম।
স্প্রিন্ট শুরুর পর অনেকটা সময় তৃতীয় স্থানে ছিলেন ৩৩ বছরের ইমরানুর। তবে শেষ ২০ মিটারে তাকে পেছনে ফেলেন চাইনিজ তাইপের ইয়াং চুন হান। এই হিটে ১০.১৭ সেকেন্ডে দৌড়ে সেরা হন মালয়েশিয়ার মুহাম্মাদ। ১০.৩৩ সেকেন্ডে দৌড়ে দ্বিতীয় সিঙ্গাপুরের ব্রায়ার্ন মার্ক লুইস ও চাইনিজ তাইপের চুন-হান তৃতীয় হন ১০.৩৮ সেকেন্ডে।
নাগোয়া সিটি মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হয় ছেলেদের ১০০ মিটার হিট। প্রথম হিটেই বাজিমাত করেন ২০২৫ সালে জুনিয়র এশিয়ান অ্যাথলেটিক্সে ৯.৯৪ সেকেন্ডে দৌড়ে চমকে দেওয়া থাইল্যান্ডের বুনসন পুরিপল। বৃহস্পতিবার ৯.৯৫ সেকেন্ডে দৌড়ে হিটে সেরা হয়েছেন এই তারকা। আর কেউই অবশ্য দশের নিচে দৌড়ে শেষ করতে পারেননি।
হিট থেকে ভারতের দু’জন স্প্রিন্টার সেমিফাইনালে পৌঁছেছেন। অনিমেষ কুজুর ১০.৩৬ ও গুরিন্দরভির সিং ১০.৩৮ সেকেন্ডে দৌড়ে ১৩ ও ১৬তম হন। দক্ষিণ এশিয়া থেকে দুই ভারতীয় ও ইমরানুর ছাড়া আর কেউ সেমিফাইনালে যেতে পারেননি।
এখন দেখার সেমিফাইনালে কী করেন বাংলাদেশের ইমরানুর। আগামীকাল শুক্রবার হবে তার সেমিফাইনালের পরীক্ষা।



